দ্বিতীয় টেস্টে নেই গম্ভীর-ইশান্ত
বেঙ্গালুরুতে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টে থাকছেন না গৌতম গম্ভীর ও ইশান্ত শর্মা। ডান হাঁটুতে চোট পাওয়ায় দুজনকেই দলের বাইরে রেখেছেন ভারতীয় নির্বাচকেরা। তাঁদের জায়গায় প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন অভিনব মুকুন্দ ও জয়দেব ইউনাদকাত।ক্রিকইনফো জানিয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পাওয়ার কয়েক ঘণ্টা পরই দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেন নির্বাচকেরা। গম্ভীরের জায়গায় দলে আসা মুকুন্দের ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০০৭ সালে। শুরু থেকে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে আসছেন ২০ বছর বয়সী এই ব্যাটসম্যান। ২৯ ম্যাচে গড় রান ৫৫.৮৮, সেঞ্চুরি রয়েছে নয়টি। ২০০৮ সালে অপরাজিত ট্রিপল সেঞ্চুরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন মুকুন্দ।সর্বশেষ রঞ্জি ট্রফির কোনো ম্যাচে অংশ না নিয়েও ইশান্তের জায়গায় ডাক পেয়েছেন ইউনাদকাত। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকের সময় ১৩টি উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছিলেন এই বোলার। ইরানি ট্রফিতে মুম্বাইয়ের বিপক্ষে প্রথম টেস্টে তাঁর ৪১ রানে ৪ উইকেট শিকারও নির্বাচকদের দৃষ্টি কাড়তে সহায়তা করেছে।