দ্বিতীয় টেস্টে বাদ পড়লেন মিচেল জনসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডকে প্রথম ইনিংসে মাত্র ২৬০ রানেই গুটিয়ে দিয়ে অ্যাশেজ সিরিজটা জয় দিয়েই শুরু করার স্বপ্ন দেখেছিল অস্ট্রেলিয়া। কিন্তু শেষপর্যন্ত টেস্টটা ড্র হওয়ার দায় অনেকখানিই চেপেছে অস্ট্রেলিয়ান বোলারদের কাঁধে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ব্যাট করেছে দুই দিন ধরে। স্কোরবোর্ডে ৫১৭ রান যোগ করেছে মাত্র ১ উইকেট হারিয়ে। অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে তাই বোলিং লাইন-আপে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। আর এই সিদ্ধান্তে কপাল পুড়েছে মিচেল জনসনের। তিনি বাদ পড়েছেন অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে।ব্রিসবেন টেস্টের দুই ইনিংসে ওভারপ্রতি গড়ে ৪ রান করে দিয়েছেন জনসন। ১৭০ রান দিয়ে এই বাঁ হাতি ফাস্ট বোলার ছিলেন উইকেট শূন্য। তিনিই প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার সবচেয়ে খরুচে বোলার।এদিকে জনসন বাদ পড়ার প্রসঙ্গে অধিনায়ক রিকি পন্টিং বল ঠেলে দিয়েছেন নির্বাচকদের কোর্টে। জনসন যথেষ্ট ফর্মে নেই বলে হয়তো নির্বাচকেরা মনে করেছেন, তাই এই সিদ্ধান্ত, বলছিলেন পন্টিং। মিচেল জনসন নিজেও অবশ্য স্বীকার করেছেন, প্রথম টেস্টে তিনি ভালো বল করতে পারেননি। তিনি বলেছেন, ‘এটা নিঃসন্দেহে দুঃখজনক। আমি ম্যাচে ভালো বল করতে পারিনি, কিন্তু এটাই তো শেষ নয়।’ অস্ট্রেলিয়ার প্রধান স্ট্রাইক বোলার হয়েও কোনো উইকেট না পাওয়ার বিষয়ে অজুহাত দেখাননি জনসন। সোজাসাপটাই বলেছেন, ‘আমার উইকেট পাওয়া উচিত ছিল, আমি পাইনি, এটা আমার ব্যর্থতা।’জনসন বাদ পড়াতে ভাগ্য খুলতে যাচ্ছে ডগ বলিঞ্জার বা রায়ান হ্যারিসের। এ দুই ফাস্ট বোলারের যেকোনো একজনের টেস্ট অভিষেক ঘটতে যাচ্ছে অ্যাশেজের দ্বিতীয় টেস্টেই। আগামীকাল অ্যাডিলেডে খেলা শুরুর আগে চূড়ান্ত দল ঘোষণা করবেন অস্ট্রেলীয় নির্বাচকেরা। রয়টার্স।