দ্বিতীয় দফায় ওয়াকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে গুঞ্জনটাই সত্যি হলো। পাকিস্তান দলের প্রধান কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেলেন ওয়াকার ইউনিস। আপাতত চুক্তি দুই বছরের জন্য, সাবেক পাকিস্তানি পেসার দলের সঙ্গে যোগ দেবেন আগামী জুনে। দ্বিতীয় দফায় তাঁর অধীনে পাকিস্তানের প্রথম অভিযান অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘হোম সিরিজ’।
আবারও কোচ হতে নিজেও খুব আগ্রহী ছিলেন। দায়িত্ব পেয়ে তাই খুশি ওয়াকার, ‘কোচ হতে পেরে ভীষণ ভালো লাগছে। এখন আমার কাজ হবে আগামী বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপসহ ব্যস্ত ক্রিকেট সূচি সামনে রেখে দ্রুত দলকে প্রস্তুত করা।’ এর আগে ২০০৬-০৭ মৌসুমে পাকিস্তানের বোলিং কোচ ও ২০১০-১১ মৌসুমে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ওয়াকার।
তবে ওয়াকারের নিয়োগ-প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করায় মইন খান, হারুন রশিদ ও ইন্তিখাব আলমকে নিয়ে গড়া তিন সদস্যের কোচ বাছাই কমিটিকে রীতিমতো ধুয়ে দিয়েছেন সাবেক পাকিস্তানি পেসার সরফরাজ নেওয়াজ। পিসিবির ঘোষণা অনুযায়ী কোচের পদে আবেদনের শেষ দিন ছিল গত সোমবার। পাকিস্তানি মিডিয়া জানিয়ে দেয়, এর আগেই কোচ হওয়ার জন্য বাছাই কমিটি ওয়াকারকে প্রস্তাব দিয়েছে। ব্যাপারটা অনৈতিক বলেই মনে করেন নেওয়াজ, ‘আবেদনপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার আগেই কীভাবে ওরা ওয়াকারকে এ প্রস্তাব দেয়?’
সমালোচকদের দলে আছেন সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদও। তাঁর তির অবশ্য খোদ পিসিবি সভাপতি নাজাম শেঠির দিকে, ‘শেঠির নিজের নিয়োগটাই তো অল্প সময়ের জন্য। তিনি কীভাবে অন্যদের দুই বছরের জন্য নিয়োগ দেন? এসব সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্ষতি করবে এবং সবগুলো সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ করা যাবে।’ ওয়েবসাইট।