ডানেডিনে লিড নিয়েছে নিউজিল্যান্ড। তবু দিন শেষে স্বস্তিতে নেই অধিনায়ক রস টেলর। প্রতিদ্বন্দ্বিতামুখর এক দিন শেষে লিড যে মাত্র ৫ রানের, হাতে উইকেট মাত্র একটি। ডেল স্টেইন, মরনে মরকেল ও ভারনন ফিল্যান্ডারকে নিয়ে গড়া ভয়ংকর প্রোটিয়া পেস আক্রমণের মুখে দাঁতে দাঁত চেপেই লড়েছেন কিউই ব্যাটসম্যানরা। কিন্তু ভালো শুরুর পরও বড় স্কোর করতে পারেননি কেউই। স্বাগতিকদের ইনিংসে সবচেয়ে বড় জুটিটি হয়েছে তৃতীয় উইকেটে। মধ্যাহ্নবিরতির পর মরকেলের সঙ্গে দুর্দান্ত লড়াই করে টেলর ও ম্যাককালাম যোগ করেছিলেন ৬৫ রান। দুজনের বিদায়ের পর ড্যানিয়েল ভেট্টোরি লড়াই করেছেন ক্রুগার ফন উইক ও ডগ ব্রেসওয়েলকে নিয়ে। আট চারে ৪৬ রান করার পর ভেট্টোরি ফিরতি ক্যাচ দিয়েছেন জ্যাক ক্যালিসকে। নিজের করা দিনের শেষ বলে ব্রেসওয়েলকে বোল্ড করেছেন স্টেইন। মরকেল পেয়েছেন ২ উইকেট। তবে দিনের সেরা বোলার ভারনন ফিল্যান্ডার। ৫০ রানে নিয়েছেন ৪ উইকেট। আগের দিনের ১৯১ রানের সঙ্গে আরও ৪৭ রান যোগ হতেই শেষ হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। তবে এরই মধ্যে ক্যারিয়ারের দশম টেস্ট ফিফটি তুলে নিয়েছেন জ্যাক রুডলফ। ওয়েবসাইট।