দ্বিতীয় দিনটি এলিনা-দুলালীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দিনে পুরুষ বিভাগে বাংলাদেশের ১০ প্রতিযোগীর চারজনই ওয়াকওভার পেয়েছেন পাকিস্তান না আসায়। বাকি ছয়জন হেরেছেন। ওয়াকওভার পাওয়া চারজন কাল দ্বিতীয় দিনে হেরে বিদায় নিয়েছেন। তবে ঢাকার উডেনফ্লোর জিমনেসিয়ামে বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টনের দ্বিতীয় দিনে শুধু হারই নয়, মেয়েরা দিয়েছেন জয়ের আনন্দও। মহিলা বিভাগে পাঁচ প্রতিযোগীর মধ্যে এককে জয় পেয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন এলিনা সুলতানা ও দুলালী হালদার। বাকি তিনজন অবশ্য অনুসরণ করেছেন ছেলেদের।
জাতীয় চ্যাম্পিয়ন এলিনার জয়টা এসেছে সহজেই। ২১-১৪ ও ২১-৪ পয়েন্টে হারিয়েছেন নেপালের অমৃতাকে। বাংলাদেশের ব্যাডমিন্টনে পুরোনো মুখ পাবনার মেয়ে দুলালী জিতেছেন ভারতের ললিতার বিপক্ষে। এই দুটি জয়ের পাশাপাশি মিশ্র দ্বৈতে পরের রাউন্ডে উঠেছেন পরশ-শাপলা ও লালচান-বৃষ্টি জুটি। দুটি জয়ই নেপালের সঙ্গে। দ্বিতীয় দিনে সঙ্গী আরও একটি জয়। তবে এটা ওয়াকওভারের সৌজন্যে। পাকিস্তান না আসায় তাদের বিপক্ষে দ্বৈতে ওয়াকওভার পেয়ে পরের রাউন্ডে নাম লিখিয়েছেন শ্যামল-খালেদ।