দ্বিতীয় দিনে আরও চার রেকর্ড
সাঁতার ফেডারেশনের একদিকে হইহুল্লোড়ের মধ্যে চলছে প্রতিযোগীদের নাম ঘোষণা। পাশেই দেয়ালে হেলান দিয়ে বসে নিজেদের মতো করে জমিয়ে গল্প করছে একদল কিশোরী। মলিন মুখ আর পোশাক-পরিচ্ছদেই ছিল তাদের পারিবারিক অবস্থার ঘোষণা।এদের একজন পারভীন আক্তারের বাড়ি ঝিনাইদহ। বাবা রিকশাচালক। এই প্রথম সে ঢাকায়। প্রতিযোগিতায় এসেছে অনুশীলন করার তেমন সুযোগ না পেয়েই। শুধু পারভীনই নয়, ঢাকার বাইরের অধিকাংশ সাঁতারুর ক্ষেত্রেই একই ঘটনা। নামমাত্র অনুশীলন করেই ক্লাব এবং জেলা ক্রীড়া সংস্থার ডাকে জাতীয় সাঁতারে অংশ নিতে ঢাকায়।এদের একমাত্র প্রাপ্তি তাই অংশগ্রহণের তৃপ্তি। নতুবা ফেডারেশনের মেঝেতে যে পরিবেশে, যেভাবে গাদাগাদি করে তাদের থাকতে হচ্ছে, তাকে মানবিক বলা যায় না! ফেডারেশন বরাদ্দ দিয়েছে শুধু মেঝেটাই। তারই মধ্যে নিজেদের নিয়ে আসা চাদর বিছিয়ে সারি বেঁধে ঘুমানোর ব্যবস্থা। একই রুমে ২০-২৫ জন!ইতিমধ্যেই চারটি সোনাজয়ী বিকেএসপির সাঁতারু শান্তা ইসলাম যেমন বলল, ‘আমরা রাতে এখানে ঘুমাই-ই না। দিনের বেলায়ও এখানে থাকতে মন চায় না, ভালো লাগে না।’ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের কথা, ‘আগে সাঁতারুরা গ্যালারিতে থাকত। আমরা তাদের রুমে নিয়ে গেছি। তবে বালিশ, বিছানা, মশারি দিতে পারি না, কারণ ৬০০-৭০০ ছেলেমেয়েকে তা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।’শুধু থাকার জায়গায়ই নয়, টুর্নামেন্টের পুরো আয়োজনেই এমন দায়সারাভাব। অব্যবস্থাপনার মধ্যেই এগিয়ে চলছে আশিয়ান সিটি ২৭তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার। প্রথম দিনে সাতটি রেকর্ডের পর কাল দ্বিতীয় দিনে হয়েছে ৪টি রেকর্ড। ১৮-২০ বছরের যুব গ্রুপের ১৫০০ মিটার ফ্রি-স্টাইলে ১৮ মিনিট ১০.১০ সেকেন্ড সময় নেন আনসারের জুয়েল আহমেদ। ১৩-১৪ বয়সী বালক-বালিকা দুই বিভাগেই ৫০ মিটার ফ্রি-স্টাইলে হয়েছে রেকর্ড। বালক গ্রুপে বিকেএসপির টিটু মিয়া সময় নেয় ২৬.৯৮ সেকেন্ড, বালিকা গ্রুপে আনসারের নাজমা খাতুনের সময় ৩০.৯২ সেকেন্ড। ১৮-২০ বছরের গ্রুপের ২০০ মিটার ব্যাক স্ট্রোকে আনসারের ববিতা খাতুন সময় নিয়েছেন ৩ মিনিট ১.৮০ সেকেন্ড।