দ্বিতীয় দিনেও ইংল্যান্ডের আধিপত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাডিলেড টেস্টের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়াকে হতাশায় ডুবিয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২৪৫ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে মাত্র দুই উইকেট হারিয়ে ৩১৭ রান করেছে ইংল্যান্ড। ব্রিসবেন টেস্টে অপরাজিত ২৩৫ রানের পর এবার আরও একটি ডাবল সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন অ্যালিস্টার কুক। দিন শেষে তিনি অপরাজিত আছেন ১৩৬ রানে।দিনের শুরুটা অবশ্য ভালোভাবেই করেছিল অস্ট্রেলিয়া। প্রথম ওভারেই ইংলিশ অধিনায়ক অ্যান্ডি স্ট্রাউসকে বোল্ড করে সাজঘরে পাঠিয়েছিলেন ডগ বলিঞ্জার। কিন্তু এরপর একটা উইকেটের জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে অসিদের। শেষ পর্যন্ত দ্বিতীয় সেশনে অস্ট্রেলিয়াকে আরাধ্য উইকেটটি এনে দেন রায়ান হ্যারিস। ৭৮ রান করে ফিরে যান জনাথন ট্রট। কিন্তু এর আগে দ্বিতীয় উইকেট জুটিতে ১৭৩ রানের পার্টনারশিপ গড়ে ইংল্যান্ডকে একটা শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়েছেন ট্রট আর কুক। দিনের বাকি সময়টা আবারও হতাশ হতে হয়েছে পন্টিং বাহিনীকে। তৃতীয় উইকেট জুটিতে ১৪১ রান যোগ করে দিনটা নির্বিঘ্নেই পার করে দিয়েছেন কুক আর কেভিন পিটারসেন। ৮৫ রান নিয়ে অপরাজিত আছেন পিটারসেন। আগামীকাল আর ১৫ রান যোগ করতে পারলে প্রায় দেড় বছর পর সেঞ্চুরির দেখা পাবেন এই ডানহাতি ব্যাটসম্যান। —ক্রিকইনফো