ওয়েস্ট ইন্ডিজের শ্রীলঙ্কা সফরের প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে বৃষ্টি আর আলোস্বল্পতা। বৃষ্টির বাধায় প্রথম দুইটি টেস্ট নিষ্প্রাণভাবে ড্র হয়ে যাওয়ার পর এবার তৃতীয় টেস্টটিরও সেই একই পরিণতিই হতে যাচ্ছে বলে মনে হচ্ছে। প্রথম দিনের মতো আজ দ্বিতীয় দিনেও খেলা হয়েছে মাত্র ৪১ ওভার। দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ পাঁচ উইকেটে ২৪৪ রান।ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির লক্ষ্যে আজ ৬৩ রান নিয়ে ব্যাট করতে নেমেছিলেন ড্যারেন ব্রাভো। কিন্তু দিনের শুরুতেই মাত্র ৫ রান যোগ করেই দিলহারা ফার্নান্দোর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান ‘নতুন লারা’। এরপর চতুর্থ উইকেট জুটিতে ব্রেন্ডন ন্যাশকে সঙ্গে নিয়ে ৯৯ রান যোগ করেন চন্দরপল। বৃষ্টি শুরু হওয়ার আগ মুহূর্তে মাত্র দুই ওভারের মধ্যেই চন্দরপল আর ডেউইন ব্রাভোকে ফিরিয়ে দিয়ে শ্রীলঙ্কান শিবিরে কিছুটা স্বস্তি এনে দেন মেন্ডিস ও রঙ্গন হেরেথ। ৫৪ রান করে মেন্ডিসের শিকারে পরিণত হন চন্দরপল। রানের খাতা না খুলেই রঙ্গন হেরেথের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান ডেউইন ব্রাভো। দিন শেষে ৬২ রানে অপরাজিত আছেন ন্যাশ। —ক্রিকইনফো