প্রথম দিনের মতো হারারে টেস্টের দ্বিতীয় দিনেও বাংলাদেশের বোলারদের নাজেহাল করেছিলেন ব্রেন্ডন টেলর। তবে দিনের শেষভাগে ভালো বোলিং করে জিম্বাবুয়েকে ৩৮৯ রানে গুটিয়ে দিতে সক্ষম হন রুবেল, সোহাগ গাজী, এনামুল হকরা। এরপর ব্যাট হাতেও শুরুটা ভালোভাবেই করেছে বাংলাদেশ। এক উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে আজ দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে মুশফিক বাহিনী। দ্বিতীয় উইকেটে ৪২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে অপরাজিত আছেন ওপেনার জহুরুল ইসলাম ও মোহাম্মদ আশরাফুল। জহুরুল ৩৮ ও আশরাফুল ২৯ রান নিয়ে উইকেটে আছেন।হারারে টেস্টের প্রথম ইনিংসে বেশ দ্রুতগতিতেই রান সংগ্রহ করছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ১০০ রান স্পর্শ করতে যেখানে জিম্বাবুয়ের লেগেছিল ৫২ ওভার, সেখানে প্রথম ২৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯৫ রান। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের করা ৩৮৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছিল সফরকারী বাংলাদেশ। দ্রুতগতিতে ব্যাটিং করে উদ্বোধনী জুটিতেই ৫৩ রান সংগ্রহ করেছিলেন দুই ওপেনার জহুরুল ইসলাম ও শাহরিয়ার নাফিস। তবে এই আশাজনক ব্যাটিং প্রদর্শনী খুব বেশিক্ষণ অব্যাহত রাখতে পারেননি নাফিস। ইনিংসের ১৩তম ওভারে কেইল জারভিসের শিকারে পরিণত হয়ে সাজঘরে ফিরেছেন এই বামহাতি ওপেনার। তাঁর ব্যাট থেকে এসেছে ২৯ রান। বাংলাদেশের শুভসূচনার পেছনে অবশ্য বড় অবদান রেখেছিলেন গ্রায়েম ক্রেমার। প্রথম ওভারেই থার্ড স্লিপে জহুরুলের দেওয়া একটি সহজ ক্যাচ মিস করেন এই ডানহাতি ব্যাটসম্যান। জহুরুল এখন এই সুযোগ কতখানি কাজে লাগাতে পারেন, সেটাই দেখার বিষয়। দিনশেষে ৩৮ রান নিয়ে উইকেটে আছেন জহুরুল।