দ্বিতীয় পর্বে আরও লড়াইয়ের আভাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ বলছেন, ‘খেলে আনন্দ পাচ্ছি’, কারও কারও কথা, ‘এমন লিগে খেলেও মজা।’এটা ষষ্ঠ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। এই লিগের দ্বিতীয় পর্ব শুরু আজ। দ্বিতীয় পর্ব শুরুর আগে ফুটবলাররা বেশ উদ্দীপ্ত। আবাহনীর ডিফেন্ডার সুজন যেমন বলছেন, ‘লিগে খুব ফাইট হওয়ায় খেলে সত্যিই ভালো লাগছে। ভীষণ মজা পাচ্ছি।’ বিজেএমসির গোলরক্ষক আমিনুলের অনুভূতিও প্রায় অভিন্ন, ‘ভালো একটা লিগ হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা বাড়ায় ফুটবলারদের কাছে লিগটা বেশ আকর্ষণীয়ও হয়ে উঠেছে।’ মুক্তিযোদ্ধার কাঞ্চনের কথা, ‘যেহেতু ৪-৫টা টিম শিরোপার জন্য লড়ছে, তাই লিগটা জমেছে খুব। এ ধরনের লিগ চলতে থাকলে ফুটবলে ইতিবাচক একটা পরিবর্তন আসবেই।’লিগটা এমনই প্রতিদ্বন্দ্বিমুখর, প্রথম পর্ব শেষে সেরা তিন দলের পয়েন্ট ১৯ (রাসেল), ১৮ (জামাল), ১৭ (আবাহনী)! একইভাবে অবনমন অঞ্চলে তিন দলের পয়েন্ট ৩, ৩ ও ৪। একটা জমাট লিগের জন্য আর কী চাই!শেখ জামালের ডিফেন্ডার হাসান আল মামুন তো রায়ই দিয়ে দিলেন, ‘এবার শিরোপা মীমাংসা হবে শেষ ম্যাচে। অন্যবার দু-এক ম্যাচ আগেই একটা দল লিগ জিতে নেয়।’আগে ছোট-বড় দল বলে একটা বিভাজন ছিল। কিন্তু এবার বোঝা যাচ্ছে না কে কখন কাকে আটকে দেবে। ছোট দলগুলো নেতিবাচক ফুটবল খেলছে না। সবাই ঝাঁপাচ্ছে ৩ পয়েন্টের জন্য। ঘরোয়া ফুটবলে এটা যেন নতুন দিনের বার্তা।গ্যালারিতে আকর্ষণ খুঁজতে গিয়ে অবশ্য লাভ নেই। ঢাকায় যথারীতি দর্শক-খরা। তবে মাঠের লড়াইয়ে থাকছে নতুনত্ব। আবাহনীর মিডফিল্ডার প্রাণতোষ তাঁর দলের খেলায় দেখছেন বড় একটা পরিবর্তন, ‘আমাদের নতুন ইরানি কোচ পোরনেমাত মূলত কাউন্টার অ্যাটাকনির্ভর ফুটবল খেলাচ্ছেন। অনেক দিন ধরে আবাহনীতে আছি, কখনো এই কৌশলে ফুটবল খেলিনি আমরা। ভালোই লাগছে, আমরা মানিয়ে নিয়েছি। লিগটা বেশ ভালো হচ্ছে এবার।’ব্যক্তিগত পারফরম্যান্স বিবেচনায় যথারীতি বিদেশিদেরই দাপট। তা সত্ত্বেও নিজেদের পারফরম্যান্সে অখুশি নন স্থানীয় ফুটবলাররা। শেখ রাসেলের দুই স্ট্রাইকার এমিলি ও মিঠুন প্রথম পর্বে গোল করেছেন দুটি করে। এ নিয়ে অতৃপ্তি থাকলেও লিগের সামগ্রিক গতিপথ তাঁদের কাছেও ভালো লাগছে।এমিলি বলেছেন, ‘নিজে গোল করতে পারলে অবশ্যই ভালো লাগে। সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয় পর্বে আরও গোল পেতে চাই। তবে দলের জয়টাই আসল। লিগটা এখন পর্যন্ত দারুণভাবে এগিয়েছে। দ্বিতীয় পর্বে যে কী ঘটবে কেউ বলতে পারে না।’ রাসেলের গোলরক্ষক বিপ্লব তো লিগ প্রসঙ্গ উঠতেই উৎফুল্ল, ‘গত ৫-৭ বছরে এতটা ভালো লিগ হয়নি। সব দিক দিয়েই এই লিগটা ব্যতিক্রম।’তবে দ্বিতীয় পর্ব শুরুর প্রাক্কালে মোহামেডানের ফুটবলারদের সময়টা কাটছে অস্থিরতায়। বকেয়া বেতনের দাবিতে পরশু তাঁরা অনুশীলন বর্জন করেন, যা গতকালও অব্যাহত ছিল। কাল সকালে কোচ ছাড়া নিজেরাই অনুশীলন করেছেন তাঁরা। তবে বিকেলে ফুটবলারদের সঙ্গে বসে মোহামেডানের কর্মকর্তারা সাত দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন একজন খেলোয়াড়। আশা করা যায়, মাঠে নামলে এসব ভুলে যাবেন মোহামেডানের ফুটবলাররা। মাঠের লড়াইয়ে ‘বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যগ্র মেদিনী’ পণ করেই যে নামছে সবাই।