দ্বিতীয় পর্বে ওঠার লড়াইয়ে চার দল
ঢাকা মহানগরের দ্বিতীয় পর্ব নিশ্চিত হয়ে গেছে গত রাউন্ডেই। অবশিষ্ট তিনটি স্থানের লড়াইয়ে আছে চারটি দল। বাদ পড়া নিশ্চিত বাকি তিন দলের। এই সমীকরণ নিয়েই আজ শুরু হচ্ছে ১৩তম জাতীয় লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের খেলা।দ্বিতীয় পর্বে যাওয়ার লড়াইয়ে টিকে থাকা চারটি দলই মুখোমুখি হচ্ছে হয় পরের পর্ব নিশ্চিত হওয়া কিংবা বাদ পড়া দলের বিপক্ষে। রাজশাহীতে মুখোমুখি পয়েন্ট টেবিলে সবার ওপরে থাকা ঢাকা মহানগর (৭৬.৪৬) ও দ্বিতীয় স্থানে থাকা খুলনা (৬৮.৩০)। জয় পেলে তো কথাই নেই, শুধু ৫টি বোনাস পয়েন্ট পেলেও নিশ্চিত হবে খুলনার পরের পর্বে উত্তরণ। সিলেটে স্বাগতিকেরা (৬৩.৬৪) খেলবে পয়েন্ট টেবিলের তলানির দল ঢাকা বিভাগের (৩১.৫৪) বিপক্ষে। যশোরে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহীর (৬০.৫৪) সামনে বরিশাল (৩৯.০০) এবং বগুড়ায় চট্টগ্রামের (৫৭.০৮) মুখোমুখি রংপুর (৪৩.৬২)। সিলেট, রাজশাহী ও চট্টগ্রাম তিনটি দলই জিতে গেলে আর খুলনা হেরে গেলে বোনাস পয়েন্টের জটিল হিসাব-নিকাশেই নির্ধারিত হবে দ্বিতীয় পর্বের বাকি তিনটি দল।দলীয় হিসাব-নিকাশের বাইরে আছে ব্যক্তিগত হিসাবও। চট্টগ্রাম হেরে গেলে অধিনায়ক নাজিমউদ্দিন (৫৪০ রান) বাদ পড়ে যাবেন সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড় থেকে। ঢাকা মহানগরের আসিফ আহমেদ ৫৭৭ রান করে আছেন সবার ওপরে। বোলিংয়ে ৩৬ উইকেট নিয়ে সবার ওপরে থাকা বাঁহাতি স্পিনার এনামুল জুনিয়রকেও নিজের স্থান ধরে রাখতে হলে দলকে নিয়ে যেতে হবে পরের পর্বে। কারণ ৩১ উইকেট নেওয়া মহানগরের আরাফাত সানির আছেন কাছাকাছিই।