দ্বিতীয় পর্বে ঢাকা মহানগর
১১ বছর পর জাতীয় লিগে ফিরে নিজেদের শিরোপার লড়াইয়ের মঞ্চেই নিয়ে গেল ঢাকা মহানগর। কাল ফতুল্লায় রংপুরকে ৯ উইকেটে হারিয়ে শীর্ষ চারে থেকে দ্বিতীয় পর্বে ওঠা নিশ্চিত করেছে মোহাম্মদ আশরাফুলের দলটি। ছয় ম্যাচের পাঁচটিতেই জয় পাওয়া ঢাকার পয়েন্ট ৭৬.৪৬। অন্যদিকে ৪৩.৬২ পয়েন্ট নিয়ে বাদ পড়ে গেল রংপুর। রংপুরের সঙ্গী হয়েছে বরিশালও (৩৯.০০)। কাল দলটি ৪ উইকেটে হেরে গেছে সিলেটের কাছে। এই জয় টিকিয়ে রাখল সিলেটের (৬৩.৬৪) দ্বিতীয় পর্বে যাওয়ার সম্ভাবনা।ফতুল্লায় মহানগরের সামনে কাল মাত্র ২৮ রানের লক্ষ্য দিতে পেরেছিল রংপুর। ম্যাচসেরা আসিফের উইকেটটি হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় মহানগর। এর আগে ৩ উইকেটে ৯৩ রান নিয়ে দিন শুরু করা রংপুর আর ঠিক ১০০ রান যোগ করেই অলআউট হয়ে যায়। ৪১ রানে ৬ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি। ৩১ উইকেট নিয়ে এবারের লিগের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি এখন সানি।সবচেয়ে বেশি ৩৬ উইকেটে পাওয়া এনামুল জুনিয়র কাল আরও ২ উইকেট নিয়ে তাঁর শিকারসংখ্যা দাঁড় করান ৭। এই নিয়ে প্রথম শ্রেণীর ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ইনিংসে ৭ উইকেট পেলেন এই বাঁহাতি স্পিনার। তাঁর বোলিংয়েই ১৯৯ রানে অলআউট বরিশাল। প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান ইফতেখার নাঈম দ্বিতীয় ইনিংসেও করেছেন দলের সর্বোচ্চ রান (৭৭)। ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬১ রানেই ৪ উইকেটে হারায় সিলেট। এর পর নাদিফ চৌধুরী (৫৮*) পঞ্চম ও ষষ্ঠ উইকেট দুই সহোদর গোলাম রহমান ও গোলাম মাবুদের সঙ্গে ৬৪ ও ৪৮ রানে জুটি গড়ে দলকে তৃতীয় জয় এনে দেন।