দ্বিতীয় পর্বের আগে বড় প্রশ্ন
সবার মুখেই একটা প্রশ্ন—এবার ঢাকার বাইরে প্রিমিয়ার ফুটবল লিগের খেলা হবে তো?
এই প্রশ্নটির নিষ্পত্তি হওয়ার আগেই অবশ্য আগামীকাল ঢাকায় শুরু হয়ে যাচ্ছে দেশের শীর্ষ লিগের দ্বিতীয় পর্ব। দশ দলের প্রিমিয়ার লিগ এবার তিন পর্বে বিস্তৃত।
ঢাকায় প্রথম পর্ব শেষ হয়েছে গত ২০ মার্চ। ওই পর্বে সব দলেরই ভেন্যু ছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম। সূচি অনুযায়ী দ্বিতীয় ও তৃতীয় পর্ব হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক। মানে ঢাকার বাইরেও খেলা হওয়ার কথা শেষ দুটি পর্বে।
তবে দুটি বড় দল শেখ জামাল ধানমন্ডি ও মোহামেডান জোট বেঁধে ঢাকার বাইরে খেলতে যাবে না বলে দেওয়ায় পরিস্থিতি এবার বেশ ঘোলাটে। দুই বড় ক্লাবের কঠোর অবস্থানের পর অবশেষে নড়েচড়ে বসেছে বাফুফে। ঢাকার বাইরের তিনটি ভেন্যু গোপালগঞ্জ, ফেনী ও চট্টগ্রামের মাঠ দেখতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জরুরি সভায়। বাফুফের উচ্চক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধিদলের ভেন্যু দেখতে যাওয়ার কথা ছিল কালই। কিন্তু পয়লা বৈশাখের ছুটির কারণে দলটি যাবে ১৬ এপ্রিল। তাদের প্রতিবেদনের ভিত্তিতেই এবার ঢাকার বাইরের ভেন্যুর ভাগ্য চূড়ান্ত হবে।
মজার তথ্য হলো, কর্মকর্তারা একই দিনে তিনটি ভেন্যু দেখতে ঢাকার বাইরে যাচ্ছেন হেলিকপ্টারে চেপে! অনেক দিন ধরেই শোনা যাচ্ছে, বাফুফের তহবিলে টাকা নেই। আর্থিক সংকটের মধ্যেও ধন্য এই হেলিকপ্টার-বিলাস!
এখানেই শেষ নয়। ঢাকার বাইরে ভেন্যু দেখতে সবগুলো দলের কাছে প্রতিনিধি চেয়ে চিঠি দিয়েছে বাফুফে। ক্লাবগুলো থেকে বেশি সাড়া মিললে দুটি হেলিকপ্টারও ভাড়া করা হতে পারে। বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদী দিলেন তেমনই আভাস, ‘লোক বেশি হলে হয়তো দুটি হেলিকপ্টারও নিতে হতে পারে আমাদের। তবে আমার ধারণা, একটির বেশি হেলিকপ্টার হয়তো লাগবে না।’
একই দিনে তিন ভেন্যু পরিদর্শন কেন? তাও আবার হেলিকপ্টারে! এত দিনে তাহলে বাফুফে কী করল? এই প্রশ্নে সালামের উত্তর, ‘ঢাকার বাইরে ভেন্যু কয়েকবার দেখে এসেছে লিগ কমিটির প্রতিনিধি। তবে এবার ক্লাবের তরফ থেকে জোরালো আপত্তি আসায় আমরা ব্যাপারটাকে গুরুত্বসহকারে নিয়েছি।’
শেষ পর্যন্ত কী হবে বলা কঠিন। তবে বাফুফে চাইছে, যে করেই হোক ঢাকার বাইরে খেলা রাখতে। বাফুফের চাওয়াই অবশ্য শেষ কথা নয়। ক্লাবের কাছে হার স্বীকার করার অনেক উদাহরণই তো আছে বাংলাদেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটির।
ঢাকার বাইরে ভেন্যু জটিলতার সমাধান না হওয়া পর্যন্ত আপাতত ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামেই খেলা হবে। দ্বিতীয় পর্বের প্রথম দুই রাউন্ডের যে সূচি করেছে বাফুফে, তাতে ঢাকার বাইরে কোনো খেলা রাখা হয়নি।
এই পর্বের মাঠের লড়াইয়ে আলাদা করে চোখ থাকবে মোহামেডান ও ফেনী সকারের ওপর। পরশু শেষ হওয়া স্বাধীনতা কাপের ফাইনাল খেলেছে এই দুই দল। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়াটা মোহামেডানের জন্য লিগে ঘুরে দাঁড়ানোর বাড়তি প্রেরণা। রানার্সআপ সকারের তো সেটি আরও বেশি।
এমনিতে বিদেশি খেলোয়াড়েরাই লিগে ম্যাচের ভাগ্য গড়ে দেন। এই ফিরতি পর্বে তাই নতুন বিদেশি খেলোয়াড় নিয়ে নামছে কয়েকটি দল। আবাহনী এনেছে পর্তুগালের সুয়ারেসকে। মোহামেডানের আছে হেনরি, জঙ্গো। এই দুজন যোগ দেওয়ায় সাদা-কালোর শক্তি বেড়েছে। সকারকে বদলে দেওয়া তিন গাম্বিয়ানের কথাও আসছে। তাঁদের ওপরও থাকবে আলাদা নজর।
প্রথম পর্বের টুকিটাকি
৪৫ ম্যাচের ১৭টিই ড্র, এর মধ্যে ১০টিই ১-১ গোলে।
সবচেয়ে বড় ব্যবধানে জয় শেখ জামালের। উত্তর বারিধারার বিপক্ষে ৮-০। যা পেশাদার লিগেই রেকর্ড।
হ্যাটট্রিক হয়েছে চারটি। দুটি শেখ জামালের এমেকা ডার্লিংটনের। অন্য দুটি শেখ জামালের ওয়েডসন ও শেখ রাসেলের মিঠুন চৌধুরীর।
গতবারের চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়াচক্র প্রথম পর্ব শেষে দশ দলের মধ্যে ষষ্ঠ স্থানে।
আবাহনী ৯ ম্যাচে করেছে মাত্র ৯ গোল! তিনটি ম্যাচে গোলই করতে পারেনি, চার ম্যাচে করেছে একটি করে।
পয়েন্ট তালিকা
খেলা জয় ড্র হার গোল পয়েন্ট
শেখ জামাল ৯ ৬ ৩ ০ ২৪/৭ ২১
আবাহনী ৯ ৫ ৪ ০ ৯/২ ১৯
মুক্তিযোদ্ধা ৯ ৪ ৩ ২ ১৫/৯ ১৫
মোহামেডান ৯ ৩ ৫ ১ ১১/৬ ১৪
বিজেএমসি ৯ ৩ ৩ ৩ ১৪/৯ ১২
শেখ রাসেল ৯ ৩ ৩ ৩ ১১/ ৭ ১২
ব্রাদার্স ৯ ২ ৪ ৩ ৯/১২ ১০
উত্তর বারিধারা ৯ ১ ৩ ৫ ৪/২৯ ৬
চট্ট. আবাহনী ৯ ১ ২ ৬ ৬/১৪ ৫
ফেনী সকার ৯ ০ ৪ ৫ ৮/১৬ ৪
সর্বোচ্চ গোলদাতা
১০—এমেকা ডার্লিংটন (শেখ জামাল), ৬—ওয়েডসন (শেখ জামাল), ৫—এমিলি (মোহামেডান), নোয়াচা কিংসলে (মুক্তিযোদ্ধা) ও ইলিয়াসু (বিজেএমসি)।