দ্বিতীয় বিভাগ ফুটবল চার বছর পর
চার বছর পর মাঠে গড়াচ্ছে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে পিডব্লুডি এসসির মুখোমুখি হচ্ছে লিটল ফ্রেন্ডস ক্লাব। দুই গ্রুপে ভাগ হয়ে এতে অংশ নিচ্ছে ১৭টি দল।দুই গ্রুপের সেরা আট দল নিয়ে হবে সুপার লিগ। পয়েন্ট তালিকার নিচের সারির দুটি দল হবে অবনমিত। আর পয়েন্ট টেবিলের সেরা চারটি দল খেলবে আগামী মৌসুমের প্রথম বিভাগে।দ্বিতীয় বিভাগের পাশাপাশি প্রথম বিভাগ লিগ শুরুরও উদ্যোগ নিয়েছে ফুটবল ফেডারেশন। চূড়ান্ত দিনক্ষণ এখনো ঠিক না হলেও জানা গেছে, ফেব্রুয়ারি মাসে এটি মাঠে গড়াতে পারে। প্রথম ও দ্বিতীয় বিভাগ ফুটবলের পৃষ্ঠপোষনায় ডেসটিনি গ্রুপ। তারা এক বছরের জন্য ফুটবল ফেডারেশনকে দিচ্ছে ৩৫ লাখ টাকা। ফুটবল ফেডারেশন ভবনে কাল দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি হয়েছে। চুক্তিতে বাফুফের পক্ষে সভাপতি কাজী সালাউদ্দিন ও ডেসটিনি ২০০০ লিমিটেডের পক্ষে চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন স্বাক্ষর করেন।