দ্বিতীয় বিভাগের ক্লাবে সার্বিয়ান কোচ

বঙ্গবন্ধু স্টেডিয়ামের ক্লাব হাউজের ভিআইপি গ্যালারিতে চুপচাপ বসে এক সার্বিয়ান। রাজ্যের ধুলো, ময়লার মধ্যে বসে গভীর মনোযোগে দেখছিলেন কালকের প্রিমিয়ার লিগের শেখ রাসেল-ব্রাদার্স ম্যাচ। খেলার মাঝখানে কোনো কথা বলতেই রাজি হলেন না। মাঝবিরতিতে খুলে দিলেন কথার ঝাঁপি।
৫৯ বছর বয়সী সার্বিয়ান কোচ স্করিচ দ্রাগান এসেছেন বাংলাদেশের ফুটবলে কাজ করতে। তবে প্রিমিয়ার বা চ্যাম্পিয়নশিপ লিগের কোনো ক্লাব নয়, দায়িত্ব নিচ্ছেন দ্বিতীয় বিভাগের দল লিটল ফ্রেন্ডসের। এখনো ক্লাবটির সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়নি বলে এ নিয়ে কিছু বলতে রাজি হলেন না, ‘মাত্র ১০ দিন হলো এসেছি। ছেলেদের অনুশীলন করাচ্ছি। তবে এখনো আমি কিছু জানি না। এ ব্যাপারে সব জানেন মিস্টার খান (ব্রাদার্সের ম্যানেজার আমের খান)।’
লিটল ফ্রেন্ডস ক্লাবের কর্মকর্তা আমের খান। তিনিই এই ক্লাবের জন্য ভালো একজন বিদেশি কোচ খুঁজছিলেন। অনেক কোচের প্রোফাইল দেখে শেষমেশ দ্রাগানকে ঢাকায় আসতে অনুরোধ করেন। তৃণমূল পর্যায়ের ফুটবলার তৈরির অভিজ্ঞতা আছে দ্রাগানের। সেই অভিজ্ঞতা কাজে লাগাতেই এই কোচকে ঢাকায় আনা। এর আগে জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে ঢাকা এসেছিলেন আরেক সার্বিয়ান জোরান জর্জেভিচ।
দ্রাগান সাবেক যুগোস্লাভিয়ায় পেশাদার ফুটবল খেলেছেন। কিন্তু কখনো জাতীয় দলে সুযোগ পাননি। বেলগ্রেডে এক ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কোচ ছিলেন। ফুটবল কোচিংয়ে উচ্চতর ডিগ্রিও নিয়েছেন। কোচ হিসেবে কাজ করেছেন চীনা তাইপে, ভিয়েতনাম, থাইল্যান্ডের বিভিন্ন বয়সভিত্তিক ও অলিম্পিক দলের সঙ্গে।
ইউরোপ ছেড়ে তাঁর বাংলাদেশে আসার মূল কারণ অর্থই, ‘সার্বিয়ার অর্থনৈতিক অবস্থা খুব সুবিধার নয়। তা ছাড়া আমি গত ছয় মাস কোনো কাজ করিনি। বলতে পারেন বিশ্রামেই ছিলাম। একদিন আমার ম্যানেজার নিকোলা বাংলাদেশে কোচিংয়ে আসার ব্যাপারে মত চাইল। এরপর মিস্টার খানের সঙ্গে যোগাযোগ করে চলে এলাম।’
বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্রাদার্সের সব ম্যাচ দেখেছেন গ্যালারিতে বসে। তবে কমলাপুর স্টেডিয়ামে তিনি লিটল ফ্রেন্ডসের ডাগ-আউটে থাকেন। পরশু ইস্ট এন্ড ক্লাব বনাম লিটল ফ্রেন্ডস ম্যাচে বাজে রেফারিং খুবই খারাপ লেগেছে তাঁর, ‘এখানকার রেফারিং উন্নত নয়। ওই ম্যাচে একবার পেনাল্টি দিল, পরমুহূর্তেই বলেন সেটা নাকি ছিল না! দর্শকেরা পরে চেয়ার ছোড়াছুড়ি, গালাগালি, মারামারি করল। বিষয়টা দৃষ্টিকটু।’
বাংলাদেশের ফুটবল সম্পর্কে কোনো পূর্বধারণা ছিল না দ্রাগানের। কালকের ম্যাচ দেখার পরও কোনো মন্তব্য করতে চাইলেন না, ‘মাত্রই এসেছি। এখনই কিছু বলা ঠিক না। তবে দ্বিতীয় বিভাগের সঙ্গে প্রিমিয়ারের খেলার মানের অনেক পার্থক্য। এই দুই পর্যায়ে এত বেশি পার্থক্য, যেকোনো দেশের ফুটবলের জন্য এটা মোটেও ভালো নয়। সার্বিয়ায় দ্বিতীয় বিভাগের অনেক দল মাঝেমধ্যেই প্রিমিয়ার লিগের দলকে হারিয়ে দেয়।’
মাত্রই এসেছেন। তবে সুযোগ পেলে লিটল ফ্রেন্ডস ক্লাবের চেহারা বদলে দিতে চান, ‘আমি এই ক্লাবকে একটা ভালো স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করব।’ সুযোগটা কি পাবেন দ্রাগান?