দ্বিতীয় ম্যাচেই অন্য পাকিস্তান
এটা শুধু পাকিস্তান বলেই সম্ভব। তিন দিনের মধ্যে এভাবে সবকিছু বদলে দেওয়া। প্রথম ম্যাচে ভারতের কাছে অসহায় আত্মসমর্পণের পর কে ভেবেছিল পরের ম্যাচটায় দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেবে পাকিস্তান! সেই এজবাস্টনেই ওয়ানডের এক নম্বর দলটার বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে সরফরাজ আহমেদের দল জিতেছে ১৯ রানে। যে জয়ে বেশ উন্মুক্তও হয়ে পড়েছে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে যাওয়ার লড়াই।
আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩১৯ রান তুলেছিল ভারত। সেই পাকিস্তানই পরশু দক্ষিণ আফ্রিকাকে আটকে ফেলল ভারতের চেয়ে ঠিক ১০০ রান কমে। ২১৯ তাড়া করতে নেমে ২৭ ওভারে পাকিস্তান ৩ উইকেটে করে ১১৯ রান। তখনই বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। সে সময় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ১০১ রান।
ভারতের কাছে হারের পর সমালোচনায় ক্ষতবিক্ষত হতে হয়েছে পাকিস্তানি খেলোয়াড়দের। ইমরান খান ও শহীদ আফ্রিদির মতো সাবেক পাকিস্তান অধিনায়কেরা জানিয়েছেন তাঁদের কষ্টের কথা। তারপরও দলটার ওপর আস্থা রাখতে বলেছিলেন কোচ মিকি আর্থার। কোচের সম্মান রেখেছেন হাসান আলী-বাবর আজমরা। ৮ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে প্রোটিয়াদের বড় ধাক্কা দিয়েছেন হাসান। অধিনায়ক সরফরাজও মুগ্ধ ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পাওয়া এই পেসারের বোলিংয়ে, ‘আমরা নিয়মিত বিরতিতে উইকেট নিয়েছি। এভাবে যখন আপনি উইকেট নেবেন, যেকোনো ভালো দলও চাপে পড়ে যাবে।’
শুধু বোলিং নয়, আগের ম্যাচে পাকিস্তানের ফিল্ডিংও জঘন্য হয়েছিল। কিন্তু এ ম্যাচে পাকিস্তানি ফিল্ডিংও ছিল অন্য চেহারায়। সরফরাজ ফিল্ডিং নিয়ে কৃতিত্ব দিয়েছেন ফিল্ডিং কোচকে, ‘স্টিভ রিক্সন (ফিল্ডিং কোচ) আজ আমাদের নিয়ে অনেক খুশি। আগের ম্যাচে খারাপ ফিল্ডিং করার পর তিনি আমাদের নিয়ে অনেক কাজ করেছেন।’ এ জয়ে সেমিফাইনালে খেলার সম্ভাবনাও জেগেছে পাকিস্তানের। এ নিয়েও রোমাঞ্চিত সরফরাজ, ‘সবকিছু মিলে এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এক জয়।’
উল্টো অবস্থা দক্ষিণ আফ্রিকা দলে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়া এবি ডি ভিলিয়ার্সের দলকে এ টুর্নামেন্টের শিরোপার সম্ভাব্য দাবিদার হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু পাকিস্তানের কাছে এই হার কঠিন করে তুলেছে তাঁদের হিসাব-নিকাশ। গ্রুপে দক্ষিণ আফ্রিকার শেষ ম্যাচটা টুর্নামেন্টের আরেক ফেবারিট ও বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে। এ ম্যাচেই ক্যারিয়ারের প্রথমবারের মতো ‘গোল্ডেন ডাক’ পাওয়া এবি ডি ভিলিয়ার্স অবশ্য হারের জন্য ভাগ্যকেই দায়ী করেছেন বেশি, ‘এ রকম পরিস্থিতিতে কেউই আগে বলতে পারবে না কী করতে হবে। যদি জানতাম ২৭ ওভারের পর আর খেলা হবে না, আমরা হয়তো আরেকটু আগে থেকেই আক্রমণাত্মক হতাম।’ এএফপি, রয়টার্স।
‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকা
ম্যাচ জয় হার পরি. পয়েন্ট নে. রা. নে.
ভারত ২ ১ ১ ০ ২ +১.২৭২
দক্ষিণ আফ্রিকা ২ ১ ১ ০ ২ +১.০০০
শ্রীলঙ্কা ২ ১ ১ ০ ২ -০.৮৭৯
পাকিস্তান ২ ১ ১ ০ ২ -১.৫৪৪