মারুফুল হক সংবাদ সম্মেলনে শুরুই করলেন এভাবে, ‘এই দল তো গতবারের ট্রেবলজয়ী শেখ রাসেল নয়। এটি নতুন শেখ রাসেল।’
শেখ রাসেল কোচ ভুল বলেননি। নতুন শেখ রাসেল বলেই মাঠে গতবারের অপ্রতিরোধ্য শেখ রাসেলের এবার দেখা মিলছে না। গত মৌসুমের সাফল্যের পতাকা ওড়ানো দলটি কাল হেরেই গেল মুক্তিযোদ্ধার কাছে।
আগের ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে কোনোরকমে ১-০ গোলে হারিয়ে কাল এই পরাজয়। শেখ রাসেল কি এবার খুঁড়িয়েই চলবে? মারুফ অবশ্য আশাবাদী, ‘আমি তো মনে করি, সব শিরোপা জয়ের সামর্থ্য আমাদের আছে।’
গুছিয়ে ওঠার সময় থাকায় মারুফের আশার পালে হাওয়া লাগতেই পারে। কিন্তু সমস্যা অনেক। মাঝমাঠ মোটামুটি খেললেও ফরোয়ার্ড লাইন ভীতি জাগাতে পারছে না। রক্ষণও জমাট লাগছে না। রাইট ব্যাক হাসান আল মামুন অনেক দিন পর খেললেন অনভ্যস্ত জায়গা লেফট ব্যাকে। মানিয়ে নিতে সময় চাই। রাসেলের রক্ষণ আসলে শারীরিকভাবেই পাল্লা দিতে পারেনি মুক্তিযোদ্ধার আক্রমণভাগের সঙ্গে।
রাসেলের বিদেশিরা নতুন। দলের সঙ্গে খাপ খাওয়ানোর সময়ই সেভাবে মেলেনি। পরশু রাতে এসেই গতকাল মাঠে নামলেন ফরাসি মিডফিল্ডার ম্যাক্সিম বেলোইত। উরুগুইয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার সুকার, জ্যামাইকান জাতীয় দলে খেলা স্ট্রাইকার রিকার্ডোও জড়তায় ভুগছেন। রাসেলের কিছু খেলোয়াড়ের জন্য এটি ছিল আসলে ট্রায়াল ম্যাচের মতো।
মুক্তিযোদ্ধা তিন-চার সপ্তাহ একসঙ্গে অনুশীলন করায় বোঝাপড়া অনেক ভালো। মারুফ, জিতু, এনামুলরা মাঝমাঠের নিয়ন্ত্রণ রেখেছেন বেশির ভাগ সময়ই। নেপথ্যে আছে কোচ শফিকুল ইসলামের মস্তিষ্ক। ফুটবল তো অঙ্কেরও খেলা, শেখ রাসেলকে ছোট ছোট পাসে বিল্ডআপ ফুটবল খেলতে দেয়নি মুক্তিযোদ্ধা। মাঝমাঠ পর্যন্ত বিল্ডআপ হওয়ার পরই ছত্রভঙ্গ। তার ওপর হাতে গোনা সুযোগগুলো নষ্ট করেছেন স্ট্রাইকার রিকার্ডো। মুক্তিযোদ্ধার গোলরক্ষক আমিনুলকে তেমন পরীক্ষাই দিতে হয়নি।
মুক্তিযোদ্ধা গোল পেতে পারত তিন-চারটি। একটি সাইড পোস্টে, একটি ক্রসবারে প্রতিহত। সাঁড়াশি আক্রমণে দ্বিতীয়ার্ধ শুরু করা মুক্তিযোদ্ধার গোল পাওয়া ছিল সময়ের ব্যাপার। রাসেল গোলরক্ষক বিপ্লব বেশ কয়েকটি আক্রমণ রুখেছেন। কিন্তু ৬২ মিনিটে তাঁর দেয়ালেও ভাঙন। মুক্তিযোদ্ধার সম্মিলিত আক্রমণ থেকে বক্সের ওপর বল পেয়ে দারুণ শটে লক্ষ্য ভেদ করেন নাইজেরিয়ান স্ট্রাইকার এলিটা কিংসলে (১-০)।
এই বড় ম্যাচ জেতায় মুক্তিযোদ্ধার আত্মবিশ্বাস বাড়ল অনেক। সেটিকেই বড় করে দেখলেন কোচ শফিকুল, ‘সামনের ম্যাচে ভালো করতে এটা আমাদের জন্য অনুপ্রেরণা।’ দুই ম্যাচ জিতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে মুক্তিযোদ্ধা সামনে পাচ্ছে ব্রাদার্সকে। রানার্সআপ শেখ রাসেলের শেষ আটের প্রতিপক্ষ বিজেএমসি।
গ্রুপ চ্যাম্পিয়ন বিজেএমসি: গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণী ম্যাচে ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়েছে বিজেএমসি। ৫ ও ৬১ মিনিটে স্যামসন ইলিয়াসু ও আবদুল্লাহ আল পারভেজের গোলে ২-০ তে এগিয়ে যাওয়ার পর পেনাল্টিতে ৮০ মিনিটে ২-১ করেন ভিক্টরি অ্যান্টনি।