দ্বিতীয় ম্যাচেও উড়ে গেল জিম্বাবুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি আমার দলকে দশে দশ-ই দেব।’ নিউজিল্যান্ড অলরাউন্ডার জ্যাকব ওরামের এই কথাতেই দেওয়া হয়ে গেছে পুরো ম্যাচের বর্ণনা। কাল ওয়াঙ্গারেই কোভাম ওভালের আন্তর্জাতিক অভিষেকে স্বাগতিক দল সফরকারী জিম্বাবুয়েকে নিয়ে করেছে ছেলেখেলা।প্রথমে ব্যাট করে ৩৭২ রান তোলে নিউজিল্যান্ড, জবাবে জিম্বাবুয়ে যেতে পারে ২৩১ পর্যন্ত। ১৪১ রানের এই জয় প্রকাশ করল ব্যাটে-বলে কিউইদের নিখুঁত পারফরম্যান্স। প্রথম ম্যাচে ৯০ রানের জয়ের পর কাল দ্বিতীয় ম্যাচে আরও বড় জয়। একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে উড়িয়ে দেওয়া নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজটিও জিতল এক ম্যাচ বাকি থাকতেই।ব্যাট-বলে ওরাম নিজেই ছিলেন উজ্জ্বল। ২৮ বলে ৫৯ রানের বিধ্বংসী ইনিংসের পর ২৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা বোলারও তিনি। তার পরও ম্যাচের নায়ক কিন্তু তিনি নন, রব নিকোল। গত অক্টোবরে এই জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে অভিষেকেই সেঞ্চুরি পাওয়া ব্যাটসম্যান তাঁর ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডেতে খেললেন নিউজিল্যান্ডের পক্ষে পঞ্চম সর্বোচ্চ ইনিংস।তাঁর ১৩৪ বলে ১৪৬ রানের ইনিংসে ১০টি চারের সঙ্গে ছিল ৬টি ছক্কা। নিউজিল্যান্ডের ইনিংসে ছক্কা ছিল মোট ১৬টি। ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে যা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড।বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচে মার্টিন গাপটিলের (৭৭) সঙ্গে নিকোল উদ্বোধনী জুটিতে করেন ১৩১ রান। শেষ ১০ ওভারে ১১৭ রান ওঠে টম লাথাম-ঝড়ে। ২৮ বলে ৪৮ রান করেন তিনি।৩৭৩ রানের পাহাড় তাড়া করতে নেমে ৬২ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। এরপরও ২৩১ পর্যন্ত যেতে পেরেছে টাটেন্ডা টাইবু (৫০), এলটন চিগুম্বুরা (৬৩), সিঙ্গিরাই মাসাকাদজাদের (৩৮*) সুবাদে।