দ্বিতীয় ম্যাচেও ড্র আবাহনীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে নেপালের থ্রি স্টার ক্লাবের সঙ্গে ড্র। কাল তাই জয়ের জন্য মরিয়া হয়েই মাঠে নেমেছিল আবাহনী। কিন্তু এএফসি প্রেসিডেন্টস কাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেও পয়েন্ট খুইয়েছে তারা। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে তাইওয়ানের পাওয়ার কোম্পানির সঙ্গে। তাইওয়ানের দলটি সাবেক চ্যাম্পিয়ন, সেই হিসেবে ড্রটাও কম কিসে?ম্যাচের ৫ মিনিটেই শাখাওয়াত হোসেন (রনি) গোল করে আবাহনীকে এগিয়ে নেন। কিন্তু অগ্রগামিতা বেশিক্ষণ ধরে রাখা যায়নি। ১৪ মিনিটে গোলটি শোধ করে দেন হুং কাই-চুন। এরপর অবশ্য পাওয়ার কোম্পানিই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। দ্বিতীয়ার্ধে আবাহনী ভালো একটা সুযোগ পেয়েছিল ফ্রি-কিক থেকে। কিন্তু বক্সের সামান্য বাইরে থেকে আউডু ইব্রাহিম বল তুলে দেন বারের ওপরে। সুযোগ বেশি নষ্ট করেছে পাওয়ার কোম্পানিই। আবাহনীর কোচ আরদেশির পোরনেমাত প্রতিপক্ষেরই প্রশংসা করেছেন, ‘ওরা আমাদের চেয়ে অনেক ভালো খেলেছে। বেশির ভাগ সময় বল দখলে রেখেছিল ওরা।’ গ্রুপের চার দলের মধ্যে চূড়ান্ত পর্বে যাবে সেরা দুই দল। প্রথম দুই ম্যাচে ড্র করেও চূড়ান্ত পর্বে যাওয়ার আশা জিইয়ে রেখেছেন পোরনেমাত, ‘আর্চিমের বিপক্ষে ম্যাচটা আশা করছি সহজই হবে এবং আশাবাদী যে আমরা চূড়ান্ত পর্বে যাব।’ আগামীকাল মঙ্গোলিয়ার আর্চিমের সঙ্গে গ্রুপের শেষ ম্যাচ খেলবে আবাহনী। এ ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই বাংলাদেশের পেশাদার লিগের চারবারের চ্যাম্পিয়নদের।