দ্বিতীয় যুব টেস্টও ড্র
চার দিনের ম্যাচের দুই দিনই বৃষ্টির পেটে। মিরপুরের পর শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দ্বিতীয় ম্যাচের ভাগ্যেও ড্র লেখা হয়ে গিয়েছিল আগেই। শেষে হলোও তা-ই। তবে সিলেটে কাল শেষ দিনে ৯৬ ওভার খেলার ৭০ ওভারই ব্যাট করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তাতে বিনা উইকেটে ১৯ রানের সঙ্গে আরও ২৫২ রান করে বাংলাদেশ ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ২৭১ রানে। ওপেনার নাজমুল হোসেন শান্ত ৬৯, মেহেদি হাসান ৬৯ ও অধিনায়ক মুসাদ্দেক হোসেন করেছেন ৭৪ রান।ইনিংস ঘোষণাটা ঘোষণা করার জন্যই করা। কারণ, বাংলাদেশের হাতে তখন ৮৬ রানের লিড থাকলেও দিনের খেলার বাকি এক সেশনও নেই। এই সময়ে প্রতিপক্ষকে অলআউট করার স্বপ্ন কেউ দেখার কথা নয়। বাংলাদেশের যুবারা ভাঙতে পারেননি শ্রীলঙ্কার উদ্বোধনী জুটিই। শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ২৬ ওভারে বিনা উইকেটে ৫৯ রান তুলতেই শেষ ম্যাচ।আগামীকাল সিলেট স্টেডিয়ামেই প্রথম ওয়ানডে দিয়ে শুরু দুই দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।