দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনাকে পেল সুইজারল্যান্ড

বায়ার্ন মিউনিখ সমর্থকেরা হয়তো খুশিতে ডগমগ হয়ে গেছেন। বিশ্বকাপের প্রথম দুইটি হ্যাটট্রিকই যে এসেছে জার্মানির এই ক্লাবে খেলা ফুটবলারদের কাছ থেকে। টমাস মুলারের পর আজ এবারের বিশ্বকাপের দ্বিতীয় হ্যাটট্রিকটি করেছেন সুইজারল্যান্ডের মিডফিল্ডার জেরদান শাকিরি। সুইজারল্যান্ডও গ্রুপ পর্বের শেষ ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়ে পেয়ে গেছে দ্বিতীয় রাউন্ডের টিকিট। শেষ ষোলোর লড়াইয়ে এবারের বিশ্বকাপের অন্যতম প্রধান ফেভারিট আর্জেন্টিনার মুখোমুখি হতে হবে সুইজারল্যান্ডকে।
হন্ডুরাসের বিপক্ষে শুরুতেই দলকে এগিয়ে দিয়েছিলেন শাকিরি। ৬ মিনিটে স্টেফান লিখটস্টেইনারের পাস থেকে বল পেয়ে জোড়ালো শটে সেটাকে জালে জড়িয়েছেন এই সুইস মিডফিল্ডার। শাকিরি নিজের ও দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেছিলেন প্রথমার্ধের ৩১ মিনিটে।
২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধে, ৭১ মিনিটে তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন শাকিরি। এবারের গোলটিও এসেছে ইয়োসিপ দ্রমিচের সঙ্গে দুর্দান্ত বোঝাপড়ার ফসল হিসেবে। হন্ডুরাসের এক ডিফেন্ডারকে কাটিয়ে শাকিরির দিকে বল ঠেলেছিলেন দ্রমিচ। শাকিরিও খুব দ্রুত শট নিয়ে সেটা জালে জড়াতে কোনো ভুল করেননি।