দ্বিতীয় রাউন্ডে মিলান-আর্সেনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গঞ্জালো হিগুয়েইনের গোল আশার প্রদীপ জ্বালিয়ে দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আর্সেনালের বিপক্ষে জিতেও পরের রাউন্ডে যেতে পারল না নাপোলি! ছবি: রয়টার্স
গঞ্জালো হিগুয়েইনের গোল আশার প্রদীপ জ্বালিয়ে দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আর্সেনালের বিপক্ষে জিতেও পরের রাউন্ডে যেতে পারল না নাপোলি! ছবি: রয়টার্স

সান সিরোতে শেষ কয়েকটা মিনিট কী যে আতঙ্কে কেটেছে, সেটা এসি মিলান সমর্থকেরাই জানেন। একটা গোলই সর্বনাশ করে দিতে পারত চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের দ্বিতীয় সফল দলটির। শেষ পর্যন্ত নিজেদের মাঠে আয়াক্সের সঙ্গে গোলশূন্য ড্র করে ডাচ ক্লাবটির চেয়ে মাত্র এক পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে সাতবারের চ্যাম্পিয়ন মিলান।

মিলান সমর্থকদের মতোই শেষ বাঁশি পর্যন্ত আতঙ্কের প্রহর গুনেছে আর্সেনালও। শেষ পর্যন্ত নাপোলির কাছে ২-০ গোলে হেরে গেলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে গানাররা। ‘এফ’ গ্রুপে তিন দলেরই পয়েন্ট সমান—১২! ৮৭ মিনিটের গোলে মার্শেইকে ২-১ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে গতবারের রানার্স আপ বরুসিয়া ডর্টমুন্ড। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বটে। কিন্তু শেষ মুহূর্তের গোলটি না হলে বিদায়ই নিতে হতো বরুসিয়াকে!

আর্সেনালকে ৩-০ গোলে হারালে গানারদের সঙ্গে পয়েন্ট আর গোল ব্যবধান দুটোই সমান হয়ে যেত নাপোলির। মুখোমুখি লড়াইয়ের হিসাবে তখন এগিয়ে থাকত তারাই। দুই রিয়াল মাদ্রিদ ‘খেদানো’ খেলোয়াড় গঞ্জালো হিগুয়েইন আর হোসে মারিয়া কায়েহনের গোলে ২-০ গোলে জিতলেও শেষ রক্ষা হলো না নাপোলির।

১২ পয়েন্ট নিয়েও যেখানে দ্বিতীয় রাউন্ডে যেতে পারল না নাপোলি, সেখানে তাদের ঠিক অর্ধেক ৬ পয়েন্টই যথেষ্ট হয়েছে জেনিতের! সাধে তো আর ‘এফ’ গ্রুপটাকে মৃত্যুকূপ বলা হচ্ছিল না! অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিশ্চিত হয়েছে পোর্তোর। অ্যাটলেটিকোর হয়ে গোল করেছেন রাউল গার্সিয়া ও ব্রাজিলিয়ান থেকে ‘স্প্যানিয়ার্ড’ হয়ে যাওয়া ডিয়েগো কস্তা।
দেমবা বার একমাত্র গোলে স্টুয়া বুখারেস্টের বিপক্ষে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করেছে হোসে মরিনহোর চেলসি। ‘ই’ গ্রুপ থেকে চেলসির সঙ্গী হয়েছে শালকে। ২-০ গোলে হারিয়ে সুইস ক্লাব বাসেলকে বিদায় করে দিয়েছে জার্মান ক্লাবটি। ওদিকে আগেই গ্যালাতেসারের কাছে হেরে বিদায় নিশ্চিত হয়েছে জুভেন্টাসের।

সাতবার ফাইনাল খেলা জুভদের বাড়ির পথ দেখিয়েছেন এক ইতালিয়ানই। মাঝপথে দলের দায়িত্ব নিয়ে রবার্তো মানচিনি ঠিকই নিজের সুনাম ধরে রেখে তুরস্কের ক্লাবটিকে নিয়ে এলেন নক আউট পর্বে। মাঠে তুর্কী ক্লাবটির জয়ের নায়ক অবশ্য ৮৫ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করা ওয়েসলি স্নাইডার।

এ রাতের সবচেয়ে বড় জয় পেয়েছে বার্সেলোনা। মেসি-বিহীন বার্সা আবার নিজেদের আসল ছন্দে ফিরে সেল্টিককে উড়িয়ে দিয়েছে ৬-১ গোলে। হ্যাটট্রিক করেছেন এ ম্যাচ দিয়েই চ্যাম্পিয়নস লিগে গোলের খাতায় নাম লেখানো নেইমার।
১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় রাউন্ডের ড্র। সেই ড্রয়েই নির্ধারিত হবে গ্রুপ চ্যাম্পিয়ন আট দলের মুখোমুখি হচ্ছে গ্রুপ রানার্স আপ কোন আটটি দল।


দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা ১৬ দল:
গ্রুপ চ্যাম্পিয়ন: ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, প্যারিস সেন্ট জার্মেই, বায়ার্ন মিউনিখ, চেলসি, বরুসিয়া ডর্টমুন্ড, অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা।
গ্রুপ রানার্স আপ: বায়ার লেভারকুসেন, গ্যালাতাসারে, অলিম্পিয়াকস, ম্যানচেস্টার সিটি, শালকে, আর্সেনাল, জেনিত ও এসি মিলান।