দ্বিতীয় রাউন্ডেই মহারণ
ব্রাজিল-পর্তুগাল ম্যাচ মন ভরায়নি? প্রতিদ্বন্দ্বিতার খোলসে শেষ পর্যন্ত ‘প্রীতি’ ম্যাচ দেখে বিরক্ত? তার চেয়েও বিরক্ত এই ম্যাচের আগে ওঠা ‘হাইপ’ নিয়ে? হতাশ হবেন না। সেই খামতি আজ সুদ-আসলে পুষিয়ে দেবে বিশ্বকাপ। আজ মুখোমুখি জার্মানি-ইংল্যান্ড।খেলার মাঠে দুই দলের প্রতিদ্বন্দ্বিতা তো আছেই, এর সঙ্গে পলিমাটির মতো মিশেছে রাজনৈতিক রেষারেষিও। ১৯৬৬ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের জয়ের পেছনে রানি দ্বিতীয় এলিজাবেথের কোনো হাত আছে কি না এ নিয়ে এখনো হয়তো আলোচনা হয় জার্মানিতে। যেমন এ নিয়ে আলোচনা কোনো দিনই শেষ হবে না—অ্যালান হার্স্বের সেই গোল লাইন পেরিয়েছে কি না!ইংলিশ গোলরক্ষক ডেভিড জেমস অবশ্য বলছেন, এই সময়টায় ইতিহাস নিয়ে বেশি খোঁড়াখুঁড়ি না করাই ভালো, ‘জানি, এখন খেলার বাইরের বিষয় নিয়ে বেশি কথাবার্তা হবে। টেনে আনা হবে ইতিহাস। তবে এটি কিন্তু স্রেফ একটা ফুটবল ম্যাচই। আমাদের জন্য এটি একটা ভালো দলের বিপক্ষে খেলা, যেটি আমাদের জিততে হবে।’ইতিহাস নিয়ে ইংলিশদের অস্বস্তির কারণটাও অনুমান করে নেওয়া যায়। ’৬৬-র সেই ঘা যে জার্মানরা শুকোতে দেয়নি কখনোই। ১৯৭০ বিশ্বকাপেই প্রথম পাল্টা জবাব। সেবার কোয়ার্টার ফাইনালে ০-২ গোলে পিছিয়ে পড়েও ইংলিশদের ৩-২ গোলে হারিয়ে দিয়েছিল জার্মানি। ১৯৯০ বিশ্বকাপের সেমিফাইনাল এবং ১৯৯৬ ইউরো—দুটোতেই ইংলিশদের কেঁদেকেটে বাড়ি ফিরতে হয়েছে জার্মানির কাছে টাইব্রেকে হেরে।ইতিহাসই তাই প্রেরণা জার্মানদের। ‘থ্রি লায়ন্স’ নামে পরিচিত ইংলিশদের মুখোমুখি হওয়ার আগে অবশ্য সত্যিকারের সিংহ দেখে এসেছে জার্মান দল। পরশু পুরো দল নিয়ে দক্ষিণ আফ্রিকার একটি লায়ন পার্ক ঘুরে এসেছেন জোয়াকিম লো। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জার্মান কোচ হাসতে হাসতেই বলেছেন, ‘আপনাদের আনন্দের সঙ্গেই জানাচ্ছি, সব খেলোয়াড়ই সহিসালামতে আছে, কাউকেই সিংহ খেয়ে ফেলেনি।’ইংলিশরা একটা ইঙ্গিত খুঁজে নিতে পারে—সিংহদের যে মোটেও ডরায় না জার্মানরা! অধিনায়ক ফিলিপ লামেরও ভাষ্য সেটাই, ‘এই তো সকালে (পরশু) আমরা অনেক সিংহ দেখে এলাম। অবশ্য বড়গুলো নিয়ে নাড়াচাড়া করিনি, যদিও রোববার (আজ ম্যাচের দিকে ইঙ্গিত করে) একদম মুখোমুখি হতে হবে। আমরাও অনেক বেশি আক্রমণাত্মক মেজাজ নিয়ে ঝাঁপিয়ে পড়ব।’‘সিংহ’দের সেই নখের থাবা অবশ্য গ্রুপ পর্বে দেখা যায়নি। ওয়েইন রুনি তো এখনো সিংহশাবক হয়েই আছেন, যদিও ফ্যাবিও ক্যাপেলো জানাচ্ছেন—দলটা আসলে ঘুমিয়ে ছিল। স্লোভেনিয়ার বিপক্ষে শেষ ম্যাচে ঘুম ভাঙে তাঁর শিষ্যদের। বাকি সবাই আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠতে শুরু করলেও রুনি এখনো বেঘোরে ঘুমোচ্ছেন। তবে জার্মানদের ভয়, তিন দিন টানা ঘুমানোর পর যেমন সিংহশাবক সর্বগ্রাসী ক্ষুধা নিয়ে জেগে ওঠে, আজ আবার তেমন কিছু না করে ফেলেন রুনি! জার্মানির চেয়ে একটা জায়গায় তারা এগিয়ে আছে বলে দাবি করা হচ্ছে ইংলিশদের পক্ষ থেকে। জার্মানির এই দলটার গড় বয়স ২৫-এর কম। নকআউট পর্বে স্নায়ুর লড়াইটাও গুরুত্বপূর্ণ। তাই গুরুত্বপূর্ণ অভিজ্ঞতাও। কিন্তু তারুণ্যের জয়গান গেয়ে চলা লো আবার এটাকেই মানছেন শক্তি হিসেবে।মিরোস্লাভ ক্লোসা দলে ফিরছেন। আর চারটি গোল করতে পারলে ব্রাজিলের রোনালদোর রেকর্ড ছুঁয়ে ফেলবেন। লাল কার্ডের কারণে এক ম্যাচ বাইরে বসে থাকা ক্লোসা হয়তো আজ সেই ঘাটতি পুষিয়ে নিতে চাইবেন। অবশ্য মাঝমাঠে হয়তো বাস্তিয়ান শোয়েনস্টাইগারকে পাচ্ছে না জার্মানরা। এএফপি, রয়টার্স।