দ্বিতীয় লেগে চোখ লিভারপুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগ নিয়ে চাওয়া-পাওয়া অনেক আগেই শেষ হয়ে গেছে লিভারপুলের। ইউরোপীয় পর্যায়ে লিভারপুলের যে আশাটা বেঁচে আছে, পরশু তাতেও কিছু শঙ্কার কালো মেঘ জমল। ইউরোপা লিগ সেমিফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ থেকে ০-১ গোলে হেরে এসেছে ‘অল রেড’রা। তবে ইংলিশদের ইউরোপা লিগের আশা বাঁচিয়ে রাখা আরেক দল ফুলহামে তুলনামূলক স্বস্তির বাতাস বইছে। হামবুর্গের মাঠে গোলশূন্য ড্র করে এসেছে তারা।একমাত্র গোলে হেরেও লিভারপুল কোচ রাফায়েল বেনিতেজ ভয় পাচ্ছেন না। পিছিয়ে থাকার পরও তারা ফাইনালে যাওয়ার ভরসা পাচ্ছে দ্বিতীয় লেগটা লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে হবে বলে। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বেনিতেজ বলেছেন, ‘কেবল তো প্রথমার্ধ শেষ হলো। দ্বিতীয় ম্যাচটি অ্যানফিল্ডে এবং এ কারণেই আমি আশাবাদী।’তা ঠিক আছে, কিন্তু প্রতিপক্ষের মাঠে একটি গোল না পাওয়া কি বেনিতেজকে যন্ত্রণা দিচ্ছে না! বিশেষ করে ইয়সি বেনায়ুন অ্যাটলেটিকোর জালে বল পাঠানোর পরও অফসাইডের কারণে গোল বাতিল হওয়ার পর। বেনিতেজ হতাশ একটু হয়েছেন, তবে রেফারিকে শাপ-শাপান্ত করছেন না, ‘বেনায়ুন অনসাইড ছিল বলেই আমার মনে হয়েছে। অন্য সবাইও তাই বলেছে। কিন্তু আমরা আসলে এ নিয়ে কী করতে পারি!’বেনায়ুন অ্যাটলেটিকোর জালে বল পাঠিয়েছিলেন ১৭ মিনিটে। এর আগেই অবশ্য পিছিয়ে পড়ে লিভারপুল। ৯ মিনিটে লিভারপুলের জালে বল পাঠান অ্যাটলেটিকোর উরুগুইয়ান স্ট্রাইকার ডিয়েগো ফোরলান। এর পর দুই দলই সুযোগ পেয়েছে গোল করার। কিন্তু কাজে লাগাতে পারেনি কেউ। তবে অ্যাটলেটিকো মাদ্রিদের সাবেক গোলরক্ষক মিগুয়েল রেইনার ছেলে পেপে রেইনা গোটা তিনেক দুর্দান্ত সেভ না করলে লিভারপুলের হারটা হতো আরও বড় ব্যবধানে।ফুলহাম যদি নিজেদের মাঠে খেলার সুবিধা কাজে লাগিয়ে ফাইনালে যেতে পারে, তাহলে পরশু ফাইনালের ‘ভেন্যু রিহার্সেল’ করে এসেছে তারা। পরশু ফুলহাম যে মাঠে খেলেছে, ১২ মে হামুবর্গের সেই নর্ডব্যাংক অ্যারেনাতেই হবে ফাইনাল। শেষ পর্যন্ত যদি অল ইংলিশ ফাইনালও হয়ে যায়, তাহলে বাড়তি একটা সুবিধাই হয়তো পাবে ফুলহাম। এএফপি।