বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তর শুরু করা নিয়ে তালগোল পাকিয়ে ফেলেছে বাফুফের সংশ্লিষ্ট লিগ কমিটি।বাংলাদেশ লিগের চারটি আসর শেষ। এবারই প্রথম শুরু হওয়ার কথা দ্বিতীয় স্তর। এতে ৮টি দলকে সুযোগ দিতে কয়েক দিন আগে বাফুফের নির্বাহী কমিটির কাছে সুপারিশ করেছিল লিগ কমিটি। কিন্তু বিজেএমসি তদবির করে বাংলাদেশ লিগে সরাসরি খেলার অনুমতি আদায় করে নিয়েছে নির্বাহী কমিটির কাছ থেকে। লিগ কমিটিকে এরপর নির্বাহী কমিটি বলেছে, দ্বিতীয় স্তরের জন্য সুপারিশ করা বাকি ৭ দলকে ডেকে আবার কথা বলার জন্য। কারণ, ওই দলগুলোর অনেকের এই পর্যায়ে খেলার সামর্থ্য নিয়ে সন্দিহান নির্বাহী কমিটি।সেই অনুযায়ী আজ ৭টি দলকে ডেকেছে লিগ কমিটি। বিজেএমসি মূল পর্বে চলে যাওয়ায় শূন্যস্থান পূরণে আগ্রহী ওয়ারী ও উত্তর বারিধারা ক্লাবকেও ডাকা হয়েছে। যেহেতু দ্বিতীয় স্তর হবে, আর এই স্তরে না খেলেই বিজেএমসি কী করে মূল স্তরে জায়গা পায়—সেই প্রশ্ন বাফুফের নির্বাহী কমিটিতে উঠেছিল। বাংলাদেশ লিগে খেলে অবনমিত ও দ্বিতীয় স্তরে খেলার অপেক্ষায় থাকা ক্লাবগুলোরও একই প্রশ্ন।তাদেরই এক দল সিলেট বিয়ানীবাজারের সভাপতি খসরুল হক কাল বলেছেন, ‘আমাদের বলা হয়েছিল, দ্বিতীয় স্তরে খেলতে পারব, এখন আবার কেন ডেকেছে বুঝতে পারছি না। বিজেএমসিকে সরাসরি বাংলাদেশ লিগে সুযোগ দেওয়ার সিদ্ধান্তটা বাফুফের আরও ভেবেচিন্তে নেওয়া উচিত। আমরা নেতিবাচক কিছু খবর শুনছি। আদৌ এই দ্বিতীয় স্তর হবে কি না, সংশয় প্রকাশ করছেন অনেকেই। এই খবরে আমরা আমাদের চলমান প্রস্তুতিও স্থগিত করে দিয়েছি।’দ্বিতীয় স্তরের জন্য অপেক্ষমাণ আরেক দল নারায়ণগঞ্জ শুকতারা যুব সংসদের সাধারণ সম্পাদক মোক্তার হোসেনের কথা, ‘বিজেএমসির ব্যাপারটা নিয়ে আমরা প্রতিবাদ করব সভায়। বাংলাদেশ লিগে খেলার অভিজ্ঞতা থাকায় আমাদেরই তো সরাসরি সুযোগ পাওয়া উচিত।’মজার ব্যাপার, বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তর নিয়ে লিগ কমিটি কোনো নীতিমালাই তৈরি করতে পারেনি। এ অবস্থায় বাফুফের নির্বাহী কমিটি শিগগিরই নীতিমালা তৈরি করতে বলেছে লিগ কমিটিকে। জানা গেছে, নির্বাহী কমিটিতে দ্বিতীয় স্তরের দল নির্বাচন নিয়ে অজস্র প্রশ্ন উঠেছে। দ্বিতীয় বিভাগে অগ্রণী ব্যাংক কিংবা কক্সবাজারের কক্সসিটির দিকে আঙুল তুলেছেন অনেকে। তাঁরা বলেছেন, এই ক্লাবগুলোর সামর্থ্য প্রশ্নবিদ্ধ।এ বছরেরই শেষ দিকে দ্বিতীয় স্তর শুরু করার কথা অনেক আগে থেকেই বলা হচ্ছে। কিন্তু খেলা কবে মাঠে গড়াবে, কোথায়, কীভাবে হবে—গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোই ঝুলে আছে। গোটা প্রক্রিয়ায় পরিকল্পনাহীনতার ছাপ।