দ্বিতীয় স্তরে বিদেশি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসে শুরু হওয়ার কথা বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তর। অনেক কাঠখড় পুড়িয়ে প্রথমবারের মতো দ্বিতীয় স্তর নিয়ে মাঠে নামছে বাফুফে। এরই মধ্যে পার হয়ে গেছে চারটি পেশাদার লিগ। দেরিতে হলেও এবার একটা কাঠামোর ওপর দাঁড়াতে চলেছে দেশের সর্বোচ্চ ঘরোয়া ফুটবল লিগ।দ্বিতীয় স্তরে বাফুফের লিগ কমিটি কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে। বিদেশি খেলোয়াড় নিষিদ্ধ থাকছে। বিদেশি ফুটবলারদের নিম্নমান নিয়ে প্রশ্ন বহু আগে থেকেই। গত বাংলাদেশ লিগে গোলরক্ষকসহ পাঁচ বিদেশি খেলানোয় দেশের অনেক নামী-দামি খেলোয়াড়ের ঠাঁই হয় বেঞ্চ। তখন বাফুফের ভেতর থেকেই বিদেশি কমানোর দাবি ওঠে। বিশেষ করে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি ছিল বেশ সোচ্চার। জাতীয় দলের দুই স্ট্রাইকার জাহিদ হাসান ও এনামুল হকসহ আরও অনেককেই বাইরে বসে থাকতে দেখে চিন্তায় পড়ে যান অনেকে।কিন্তু আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ আয়োজনের ডামাডোলে সবই এত দিন চাপা পড়ে ছিল। এখন সামনে উঠে এসেছে। তবে মূল পর্বে বিদেশি খেলোয়াড়ের বিষয়টি ঠিক না হওয়ায় ক্লাবগুলো ক্ষুব্ধ। ব্রাদার্সের ম্যানেজার আমের খান বলছেন, ‘বিষয়টা ঝুলিয়ে রাখা হয়েছে কেন বুঝি না। আমাদের তো বলে দেওয়া উচিত কতজন খেলবে। বেশি বিদেশি হলে আমার ক্লাবের লাভ। কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি, তিনজনের বেশি বিদেশি থাকা উচিত নয়।’দ্বিতীয় স্তরে বিদেশি না রাখার সিদ্ধান্ত স্থানীয় খেলোয়াড়দের বেশি সুযোগ করে দিতেই। তবে মূল স্তরে বিদেশি নিষিদ্ধ করার কোনো দাবি নেই, সেটি সম্ভবও নয়। সংখ্যা কমানো যেতে পারে বলে ব্যক্তিগত মত দিয়েছেন অনেকেই।বিদেশি খেলোয়াড়দের সঙ্গে চুক্তির নিয়মকানুন ঠিকমতো জানে না বাংলাদেশের ক্লাবগুলো। যার জেরে শেখ রাসেলের মতো দলকে এক আফ্রিকানের অভিযোগের ভিত্তিতে প্রায় ২৯ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলেছে ফিফা। ছোট ক্লাবগুলোর প্রাথমিক বিষয়গুলো সম্পর্কেও ধারণা নেই!দ্বিতীয় স্তরে বিদেশি খেলোয়াড়ের অনুমতি না দেওয়ার সিদ্ধান্তের পক্ষে এই ব্যাপারগুলো সামনে এসেছে। লিগ কমিটির সদস্য আনোয়ারুল হক বলেছেন, ‘দ্বিতীয় স্তরের ক্লাবগুলোর পক্ষে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিদেশি আনা কঠিন। তাছাড়া স্থানীয়দের সুযোগ দেওয়ার ব্যাপার আছে। এজন্যই দ্বিতীয় স্তরে বিদেশি খেলোয়াড় নিষিদ্ধ করা হয়েছে।’দ্বিতীয় স্তরে খেলছে ৮টি দল। ৭টি চূড়ান্ত হয়ে আছে—চট্টগ্রাম আবাহনী, চট্টগ্রাম মোহামেডান, কক্সবাজার, নারায়ণগঞ্জ শুকতারা, বিয়ানীবাজার, ভিক্টোরিয়া এবং অগ্রণী ব্যাংক। বিজেএমসিকে এই স্তরে রাখার পর তারা তদবির করে মূল স্তরে খেলার সুযোগ আদায় করে নিয়েছে। ওয়ারী অথবা উত্তর বারিধারা আসছে শূন্যস্থানে।খেলা কোথায় কোন ফরম্যাটে, তার কিছুই ঠিক হয়নি। অথচ আর দেড় মাসও সময় নেই। তবে আনোয়ারুল হক জানিয়েছেন, ‘নিটল টাটা জাতীয় লিগের মতো কয়েকটা ভেন্যুতে দ্বিতীয় স্তর আয়োজনের চিন্তাভাবনা চলছে।’ এখনো চিন্তাভাবনার পর্যায়ে থাকলে ক্লাবগুলো দল গঠন করবে কবে, কবে অনুশীলন করবে, কবে হবে নিবন্ধন? এই প্রশ্ন সবার। তবে সবকিছুই নাকি আগামীকাল বাফুফে এবং লিগ কমিটির সভায় চূড়ান্ত হবে।