দ্বিতীয় স্তরের ‘ইতিবাচক’ অগ্রগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তরে খেলার জন্য ক্লাবগুলোর চূড়ান্ত সম্মতি দেওয়ার শেষ দিন ছিল কাল। রাত আটটা পর্যন্ত চারটি দল—অগ্রণী ব্যাংক, কক্সবাজারের কক্সসিটি, ভিক্টোরিয়া ও ওয়ারী বাফুফের শর্ত মেনে লিগে খেলতে চিঠি দিয়েছে লিগ কমিটিকে। বাফুফের পেশাদার লিগ কমিটির ম্যানেজার আবু নাঈম জানিয়েছেন, চট্টগ্রাম মোহামেডান, চট্টগ্রাম আবাহনী, নারায়ণগঞ্জ শুকতারা ও সিলেট বিয়ানীবাজার আজ সম্মতিপত্র দেবে। উত্তর বারিধারার গত রাতেই দেওয়ার কথা ছিল।এর অর্থ, বাফুফের তালিকায় থাকা ৯টি দলই খেলতে চায় দ্বিতীয় স্তরে। বিজেএমসি সরাসরি বাংলাদেশ লিগে চলে যাওয়ায় শূন্যস্থানের জন্য আবেদন করেছে দুটি দল। উত্তরা ও ওয়ারীর মধ্যে যেকোনো একটি দল সুযোগ পাবে। লিগ কমিটি দ্বিতীয় স্তরে ৮টির বেশি দল নেবে না। এখান থেকে দুটি দল যাবে মূল পর্বে।ভালো খবর হচ্ছে, বাফুফের দেওয়া শর্ত মেনে নিয়েছে ক্লাবগুলো। শর্তগুলোর মূল কথা, বাফুফের দিকে আর্থিক সহায়তার জন্য তাকিয়ে থাকা যাবে না। যেহেতু এই লিগে খেলতে দলগুলোর আর্থিক সামর্থ্য থাকা আবশ্যক, কাজেই আর্থিকভাবে স্বাবলম্বী না হয়ে কেউ যাতে খেলতে না আসে।লিগের মাঝপথে কোনো দল রণে ভঙ্গ দিয়ে চলে যেতে পারবে না। সেই শঙ্কা কিন্তু আছে। খেলা হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। বাংলাদেশ লিগের মূল পর্বটা হোম অ্যান্ড অ্যাওয়ে হওয়ার কথা থাকলেও সে অর্থে এটি ঢাকাভিত্তিকই। তবে দ্বিতীয় স্তরে সিলেট, কক্সবাজার, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ এবং ঢাকায় ভেন্যু হতে পারে। এই দিক থেকে এটা ফুটবল বিকেন্দ্রীকরণের শুভ উদ্যোগই।বিভিন্ন ভেন্যুতে গিয়ে খেলার সংস্কৃতি গড়ে ওঠেনি বাংলাদেশের ক্লাবগুলোর। বাংলাদেশ লিগের মূল পর্বের বড় দলগুলোর আর্থিক সামর্থ্যে কুলায় না এটা। আর এখানে তো দ্বিতীয় স্তরের ছোট ক্লাব। পেশাদার লিগ কমিটি তাই আগেই সব নিশ্চিত করে নিচ্ছে। আগামী দু-তিন দিনের মধ্যে লিগ কমিটি সভা করে খেলোয়াড় নিবন্ধনের জন্য বলবে ক্লাবগুলোকে। নভেম্বরে লিগটা শুরু করা যাবে, মোটামুটি আশাবাদী লিগ কমিটি। বাফুফের আর্থিক সংকট আছে। তার পরও দ্বিতীয় স্তরের ক্লাবগুলোকে পাঁচ লাখ করে টাকা দেওয়ার চিন্তাভাবনা চলছে।