দ্বিতীয় স্থানে ট্রট ও অ্যান্ডারসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ের ব্যাটিং ও বোলিং দুই তালিকায়ই এখন দ্বিতীয় স্থানে ইংলিশরা। লর্ডস টেস্টে ভালো করার সৌজন্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন জোনাথন ট্রট ও জেমস অ্যান্ডারসন। লর্ডসে দুই ইনিংসে ৭০ ও ২২ রান করা ট্রট এগিয়েছেন দুই ধাপ, পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকার ও কুমার সাঙ্গাকারাকে। বোলিংয়ে ৭ উইকেট নিয়ে সতীর্থ গ্রায়েম সোয়ানের সঙ্গে জায়গা অদল-বদল করেছেন অ্যান্ডারসন।গতকাল প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগিয়েছেন কেভিন পিটারসেন। লর্ডসের ডাবল সেঞ্চুরি ২৯ থেকে ১৫-তে নিয়ে এসেছে এই তারকা ব্যাটসম্যানকে। ব্যাটিংয়ে শীর্ষে যথারীতি জ্যাক ক্যালিস। বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে তামিম ইকবাল, দুই ধাপ পিছিয়ে ১৯ নম্বরে এখন তিনি। বোলিংয়ে শীর্ষে ডেল স্টেইনই। তবে প্রথমবারের মতো শীর্ষ দশে ঢুকেছেন ইংল্যান্ডের ক্রিস ট্রেমলেট। দুই ধাপ এগিয়ে নয় নম্বরে চলে এসেছেন এই ফাস্ট বোলার। কোনো ম্যাচ না খেললেও এক ধাপ এগিয়েছেন সাকিব আল হাসান। নয় থেকে আটে উঠেছেন এই বাঁহাতি স্পিনার। এএফপি।