দ্বিতীয় 'স্টেশনে' শেষ কেভিতোভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিলেন দুবারের উইম্বলডন চ্যাম্পিয়ন কেভিতোভা l এএফপি
দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিলেন দুবারের উইম্বলডন চ্যাম্পিয়ন কেভিতোভা l এএফপি

উইম্বলডন নিয়ে এবার উচ্চাশা ছিল না তাঁর। লন্ডনে পা রাখার আগেই জানিয়ে দিয়েছিলেন, টুর্নামেন্টে তিনি যে অংশ নিতে পারছেন এতেই খুশি। বাজিকরদের ফেবারিট ছিলেন। তারপরও প্রথম রাউন্ডে জয়ের পর লন্ডনের পাতালরেলের উপমা টেনে নিজেকে ‘আন্ডারগ্রাউন্ড’ প্রতিযোগী দাবি করে বলেছিলেন, স্বপ্নের গন্তব্যে এখনো তাঁর ছয় স্টেশন দূরে। ২০১১ ও ২০১৪ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা আর একটি ‘স্টেশন’ও এগোতে পারলেন না। ৯৫তম র‍্যাঙ্কধারী ম্যাডিসন ব্রেঙ্গলের কাছে ৬-৩, ১-৬, ৬-২ গেমে হেরে গেলেন দ্বিতীয় রাউন্ডেই।

কাল হেরে গেছেন মেয়েদের বিভাগে শিরোপা প্রত্যাশী ক্যারোলিনা প্লিসকোভা। তৃতীয় বাছাই চেক খেলোয়াড় ৩-৬, ৭-৫, ৬-২ গেমে হেরেছেন বিশ্বের ১০৮ নম্বর খেলোয়াড় মাগদালেনা রাইবারিকোভার কাছে।

১১তম বাছাই কেভিতোভা যে পুরোপুরি ফিট ছিলেন না সেটি পরিষ্কার পরশুর ম্যাচে। তৃতীয় সেটে তাঁকে নিতে হয়েছে চিকিৎসা সহায়তা। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এটা জানানোর পর কোর্টেই নিয়ে আসা হয় চিকিৎসক। ম্যাচ শেষেও একই কথা বলেছেন কেভিতোভা, ‘শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আমার এবং অসুস্থ বোধ করছিলাম। এমনটা আগেও হয়েছে। কিন্তু দুর্ভাগ্য, এবার তা ঘটল উইম্বলডনে, যেটি মোটেও কাম্য নয়।’

মাস ছয়েক আগে বাসায় চোরের ছুরি আঘাতে আহত হওয়ার পর ক্যারিয়ার নিয়েই সংশয়ে পড়েছিলেন কেভিতোভা। গত মে মাসে কোর্টে ফেরার পর উইম্বলডন ছিল তাঁর তৃতীয় টুর্নামেন্ট। এটি ‘শেষ’ হওয়াতেই যেন একরকম স্বস্তি পাচ্ছেন কেভিতোভা, ‘আমি খুশি এটা শেষ। এটা সত্যিই কঠিন ছিল এবং সত্যিই আমাকে নিঃস্ব লাগছে। আমার শরীরের অবস্থা ভালো নয়। কিন্তু আমি মানসিকভাবে খুশি যে এটা শেষ হয়ে গেছে।’ এএফপি।