ছয় মারতে গিয়ে নয় রানের জন্য কাল দ্বিশতক হলো না রাহুল দ্রাবিড়ের। তবে কালই কিন্তু প্রথম নয়, দ্বিশতকের এত কাছে গিয়ে না-পাওয়ার যন্ত্রণাটার সঙ্গে দ্রাবিড়ের পরিচয় প্রায় এক যুগ আগে। এই নিউজিল্যান্ডের বিপক্ষেই হ্যামিল্টনে ১৯০ করে ক্রিস কেয়ার্নসের শিকার হয়েছিলেন ১৯৯৯ সালের জানুয়ারিতে। ১৯১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯১ রানে আউট হয়ে ‘নড়বড়ে ১৯০’ ক্লাবের সূচনা করেছিলেন অস্ট্রেলিয়ার ক্লেম হিল। সেই থেকে এই ক্লাবের ‘সদস্যপদ’ পাওয়ার যন্ত্রণা সয়েছেন আরও ৪৬ জন। দ্রাবিড়ের মতো ডাবল সেঞ্চুরির কাছে গিয়েও তা না পাওয়ার হতাশায় দুবার করে পুড়েছেন আরও ১১ জন—রিকি পন্টিং, মাইকেল ভন, ইউনুস খান, মোহাম্মদ আজহারউদ্দিন, এভারটন উইকস, ইয়ান চ্যাপেল, হার্শেল গিবস, ব্রায়ান লারা, ফ্রাঙ্ক ওরেল, শচীন টেন্ডুলকার ও মার্কাস ট্রেসকোথিক। ইউনুস ও আজহারের আবার ১৯৯ রানের ইনিংসও আছে। তবে এদের সবাইকে সান্ত্বনা দেওয়ার জন্যও আছে আরেকজন। মোহাম্মদ ইউসুফ ১৯০-এর ঘরে ফিরে গেছেন তিনবার!