দ্বৈতেও অজেয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইম্বলডনে মেয়েদের দ্বৈত ট্রফি হাতে দুই উইলিয়ামস বোন—সেরেনা ও ভেনাস l রয়টার্স
উইম্বলডনে মেয়েদের দ্বৈত ট্রফি হাতে দুই উইলিয়ামস বোন—সেরেনা ও ভেনাস l রয়টার্স

উইম্বলডনের একক জিতে কোথায় শিরোপা উৎসব করবেন তা না উল্টো একটু পরেই কোর্টে নেমে পড়লেন সেরেনা উইলিয়ামস। কারণ পর পরই ছিল মহিলা দ্বৈতের ফাইনাল। সেখানে বড় বোন ভেনাস উইলিয়ামসকে নিয়ে ৬-৩, ৬-৪ গেমে তিমিয়া বাবোস ও ইয়ারোস্লাভা শভেদোভাকে হারিয়ে দিয়েছেন সেরেনা। গ্র্যান্ড স্লামে উইলিয়ামস বোনদের ১৪তম দ্বৈত শিরোপা এটি।
উইম্বলডনে একক শিরোপা জয়ের পর দ্বৈতেও শিরোপা! সেরেনা অবশ্য এতে অভ্যস্ত, এর আগেও এমন কীর্তি গড়েছেন তিনবার। এটাও যদি অবিশ্বাস্য না মনে হয়, তবে এ তথ্যটি জেনে রাখুন, গ্র্যান্ড স্লামে ১৪টি ফাইনাল খেলে প্রতিটিতেই জিতেছেন উইলিয়ামস বোনেরা। সেরেনার এটি যেন বিশ্বাস হচ্ছে না, ‘এটি অবিশ্বাস্য। এটি এমনই এক কৃতিত্ব যা কখনো সম্ভব হবে বলে ভাবিনি।’ সব মিলিয়ে ২৩টি দ্বৈতের ফাইনাল খেলে মাত্র একবার হেরেছেন দুই বোন।
সেরেনা তো এককে স্টেফি গ্রাফকে ছুঁয়ে এখন মার্গারেট কোর্টের রেকর্ডের দিকেই ছুটছেন। দ্বৈতেও উইলিয়ামস বোনদের সামনে রেকর্ডের হাতছানি, সেটি অবশ্য একটু দূরেই। দ্বৈতে ২০টি গ্র্যান্ড স্লাম জিতে বেশ নিরাপদ দূরত্বে আছেন মার্টিনা নাভ্রাতিলোভা ও প্যাম শ্রাইভার। সূত্র: এএফপি।