দ্য ক্লাস অব '৯২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল স্কোলস, ফিল নেভিল, নিকি বাট, রায়ান গিগস, ডেভিড বেকহাম, গ্যারি নেভিল। এক ফ্রেমে ম্যানচেস্টার ইউনাইটেডের সেই সোনালি প্রজন্মের ছয়জন। এঁদের নিয়ে নির্মিত দ্য ক্লাস অব ’৯২ তথ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনীতে এসেছিলেন সবাই। পরশু লন্ডনে  রয়টার্স
পল স্কোলস, ফিল নেভিল, নিকি বাট, রায়ান গিগস, ডেভিড বেকহাম, গ্যারি নেভিল। এক ফ্রেমে ম্যানচেস্টার ইউনাইটেডের সেই সোনালি প্রজন্মের ছয়জন। এঁদের নিয়ে নির্মিত দ্য ক্লাস অব ’৯২ তথ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনীতে এসেছিলেন সবাই। পরশু লন্ডনে রয়টার্স

ঘোরলাগা চোখে বড় পর্দার দিকে তাকিয়ে ডেভিড বেকহাম। যেন সময়ের ভেলায় চেপে ভেসে গেছেন ২১ বছর আগে। ক্যারিংটন গ্রাউন্ডের সেই অনুশীলন মাঠ, সতীর্থদের সঙ্গে খুনসুটি, কখনো গুরু স্যার অ্যালেক্স ফার্গুসনের বকুনি! সেলুলয়েডের ফ্রেমে হঠাৎ করেই যেন জীবন্ত হয়ে গেছে ফেলে আসা দিনগুলো।
পরশু বেকহাম তো বটেই, তাঁর ইউনাইটেড সতীর্থদের জন্যও ছিল স্মৃতিমেদুর হওয়ার মতো একটা দিন। রায়ান গিগস, পল স্কোলস, দুই নেভিল ভাই—ফিল ও গ্যারি, নিকি বাট ও বেকহাম নিজে—ম্যানচেস্টার ইউনাইটেডের সেই সোনালি প্রজন্মের একটা পুনর্মিলনীই যেন হয়ে গেল লন্ডনে।
উপলক্ষ অবশ্য একটা ছিল। বেকহাম, গিগসদের সেই প্রজন্মের একসঙ্গে বেড়ে ওঠা, ধীরে ধীরে মহিরুহ হয়ে ওঠা, ’৯৯-এর সেই অবিস্মরণীয় ট্রেবল জয়ে বিশ্বকে কাঁপিয়ে দেওয়া—এসব নিয়েই তৈরি হয়েছে একটা তথ্যচিত্র। দ্য ক্লাস অব ’৯২—নামটাই বলে দিচ্ছে তথ্যচিত্রের কাহিনি ১৯৯২-এর ইউনাইটেডের কিংবদন্তিতুল্য তরুণ দলটিকে ঘিরেই। যে দলের মধ্যমণি ছিলেন এই ছয়জন। লন্ডনের লিস্টার স্কোয়ারে পরশু হয়ে গেল তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী।
একা নন, বেকহাম এসেছিলেন তিন ছেলে ও স্ত্রী ভিক্টোরিয়াকে নিয়ে। সপরিবারে এসেছিলেন স্কোলস, বাটরাও। কতটা স্মৃতিকাতর হয়ে পড়েছেন সেটা বোঝা গেল ৩৮ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডারের কথাতেই, ‘বাসায় আমার মা এটা দেখে হয়তো কেঁদেই ফেলেছেন। ভালো সময় গেছে আমাদের, খারাপ সময়ও গেছে। কিন্তু সব সময় আমরা একসঙ্গে ছিলাম। আর এটাই ছবিটার অংশ, আমাদের ছয়জনের ইতিহাসের অংশ। অসাধারণ এক গল্প এটা।’ এএফপি, ওয়েবসাইট।