দ্রগবাকে ঘিরে ছক কাটছেন এরিকসন
যেসব দেশ বিশ্বের সবচেয়ে বড় শোতে নিজেদের শুরুটা করেছে, তারা তো করেছেই। কিন্তু যারা এখনো শুরু করেনি, অপেক্ষায় আছে মাঠে নামার, সেসব দেশের কোচ আছেন মহাটেনশনে। বিশ্বকাপের প্রথম ম্যাচ নিয়ে ‘স্পেশাল’ কিছু ভাবনা আছে না! ফর্মেশন, একাদশ বেছে নেওয়া, গেম প্ল্যান তৈরি—কত কী! তবে টেনশনে সবাইকে ছাপিয়ে গেছেন আইভরিকোস্টের সুইডিশ কোচ সভেন গোরান এরিকসন।দিদিয়ের দ্রগবার বিষয়ে সঠিক কোনো সিদ্ধান্তেই যে আসা যাচ্ছে না! ইনজুরি জয় করে মাঠে নামার আশায় শুক্রবার রীতিমতো দলের সঙ্গে অনুশীলন করেছেন দ্রগবা। দলের জন্য অবশ্যই এটা সুসংবাদ। কিন্তু এই খুশির সংবাদেও এরিকসনের কপালের ভাঁজ মিলিয়ে যায়নি। কারণ, ১৫ জুন পর্তুগালের বিপক্ষে আইভরিকোস্টের প্রথম ম্যাচে দ্রগবার মাঠে নামা নিয়ে এখনো সংশয় রয়েছে। ৬২ বছর বয়সী অভিজ্ঞ কোচ এরিকসন তাই ১৫ জুনের নিজেদের প্রথম ম্যাচ নিয়ে তৈরি করেছেন একাধিক গেম প্ল্যান!দ্রগবাকে পাওয়া গেলে পোর্ট এলিজাবেথের মাঠে এরিকসন প্রয়োগ করবেন এক ধরনের গেম প্ল্যান। আর না থাকলে অনুসরণ করবেন প্ল্যান ‘বি’ বা প্ল্যান ‘সি’। তা শেষ পর্যন্ত দ্রগবাকে পাবেন তো কোচ। এরিকসনই ঝুঁকি নিতে নারাজ, ‘আমি নিশ্চয়তা দিতে পারছি না যে পর্তুগালের বিপক্ষে দ্রগবা খেলছে কি না। এই মুহূর্তে আমরা ওকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না।’ পরক্ষণেই শুনিয়েছেন আশার বাণী, ‘সে ক্রমেই ভালো বোধ করছে। তবে তাকে ছাড়া মাঠে নামার প্রস্তুতিও দলের আছে।’ আর মাঠে নামার বিষয়টা দ্রগবার ওপরই ছেড়ে দিচ্ছেন তিনি, ‘পর্তুগালের বিপক্ষে খেলার সিদ্ধান্ত নির্ভর করছে দ্রগবার নিজের এবং বিশেষজ্ঞরা তাকে কী পরামর্শ দেয় তার ওপর।’ ওয়েবসাইট।পর্তুগাল এবং ব্রাজিল—গ্রুপে প্রথম দুটি ম্যাচই কঠিন। দুটি ম্যাচেই হারলে উত্তর কোরিয়ার বিপক্ষে সহজ ম্যাচটা আইভরিকোস্টের জন্য গুরুত্বহীন হয়ে পড়বে। প্রথমেই দুটো শক্ত প্রতিপক্ষের সামনে পড়াটাকে দলের জন্য খুবই কঠিন পরিস্থিতি বলেই মানছেন এরিকসন।দ্রগবা-টেনশনে নিজের দল নিয়ে স্পষ্ট কোনো ছবি আঁকতে না পারলেও সম্ভাব্য শিরোপাজয়ী দেখতে পাচ্ছেন এরিকসন। ফেবারিট কে, প্রশ্নের উত্তরে বলেছেন, ‘আমি যদি ১০০ ইউরো বাজি ধরি, তবে ৫০ ইউরো স্পেনের পক্ষে আর বাকি ৫০ ইউরো ব্রাজিলের পক্ষে।’