দ্রগবাকে ছাপিয়ে যেতে চান বোনি
কনফেডারেশনস কাপে যে রকম খেলেছেন, তাতে দলবদলের বাজারে ‘হট কেক’ই হওয়ার কথা। কিন্তু ইমানুয়েলে জাকেরিনির ক্ষেত্রে ঘটল উল্টোটা। জাতীয় দলের হয়ে ভালো খেলেও বড় কোনো ক্লাবে যেতে পারলেন না, ইতালিয়ান উইঙ্গার থাকতে পারলেন না নিজের ক্লাবেও। জুভেন্টাস ছেড়ে তাঁকে পাড়ি জমাতে হলো সান্ডারল্যান্ডে। চুক্তিটাও মাত্র ৯০ লাখ ইউরোর।শক্তি বাড়াতে কার্লোস তেভেজ ও ফার্নান্দো লরেন্তেকে দলে টেনেছে জুভেন্টাস। বলি হলেন জাকেরিনি! তেভেজ-লরেন্তের জন্য তহবিল জোগাতেই গত মৌসুমে বেশির ভাগ সময় বেঞ্চে কাটানোকে ২৮ বছর বয়সী জাকেরিনিকে বিক্রি করে দিল জুভেন্টাস। পরশুই আবার নগরপ্রতিদ্বন্দ্বী তুরিনোর ডিফেন্ডার অ্যাঞ্জেলো ওগবোনাকে ঘরে তুলেছে ইতালি চ্যাম্পিয়নরা। ২৫ বছর বয়সী ডিফেন্ডারের সঙ্গে চুক্তিটা এক কোটি ৫০ লাখ ইউরোর।এদিকে হোসে কায়েহন রিয়াল মাদ্রিদ ছেড়ে যোগ দিয়েছেন নাপোলিতে। রিয়ালের যুব একাডেমির থেকে উঠে আসা কায়েহন গত মৌসুমের শুরুতে তখনকার কোচ হোসে মরিনহোর খুবই আস্থাভাজন ছিলেন। কিন্তু শেষ দিকে দলে তেমন জায়গা পাননি। তার পরও স্বদেশিকে ঠিকই মনে ধরেছে গত মে মাসেই নাপোলির কোচের দায়িত্ব নেওয়া রাফায়েল বেনিতেজের। চুক্তিটা হয়েছে চার বছরের। তবে টাকার অঙ্কটা জানা যায়নি।দলবদলের বাজারে পরশু সবচেয়ে আলোচিত চুক্তিটা করেছে সোয়ানসি সিটি। ইংলিশ ক্লাবটি নিজেদের ক্লাব ইতিহাসের সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড গড়ে দলে এনেছে ডাচ ক্লাব ভিটেস আর্নহেমের আইভরিকোস্টের স্ট্রাইকার উইলফ্রায়েড বোনিকে। গত মৌসুমে আর্নহেমের হয়ে ৩৬ গোল করা বোনিকে পেতে সোয়ানসির খরচ হয়েছে এক কোটি ২০ লাখ ইউরো। চুক্তির পরই ২৪ বছর বয়সী ঘোষণা দিয়েছেন, তিনি ছাপিয়ে যেতে চান চেলসির সাবেক দিদিয়ের দ্রগবাকে। চেলসিতে ৩৪১ ম্যাচে ১৫৭ গোল করেছিলেন দ্রগবা। সোয়ানসির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে তার চেয়েও বড় কিছু করে দেখাবেন। তরুণ আইভরিয়ান স্ট্রাইকারের আশা, ‘আশা করি, আমি তার সমকক্ষ বা আরও বেশি গোল করতে পারব। আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে অভিনন্দন জানিয়েছেন ও আমাকে নিয়ে গর্বিত। তিনি আমার বড় অনুপ্রেরণা।’ ওয়েবসাইট।