দ্রগবাকে ছাড়াই এগিয়ে চলছে চেলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেলসি কি ধাক্কাটা সইতে পারবে? দিদিয়ের দ্রগবা, মাইকেল এসিয়েন আর জন ওবি মিকেলদের ছাড়া কতদূর কী করতে পারবে ‘ব্লু’রা? দ্রগবা, এসিয়েন, ওবি মিকেলরা গেছেন আফ্রিকান নেশনস কাপ খেলতে। এ নিয়েই এখন বড় আলোচনা ইংলিশ লিগে। তবে তাতে খানিকটা জল ঢেলে পরশু কার্লো আনচেলত্তির চেলসি তুলে নিল মৌসুমের সেরা জয়।হ্যাঁ, সান্ডারল্যান্ডের বিপক্ষে ৭-২ গোলের জয়টিকে সে হিসেবেই দেখছেন চেলসির ইতালিয়ান কোচ, ‘আমার মনে হয়, এ মৌসুমে এটাই আমাদের সেরা পারফরম্যান্স। একেবারে ম্যাচের শেষ পর্যন্ত ভালো খেলেছি আমরা।’ নিকোলাস আনেলকা, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, মাইকেল বালাক, অ্যাশলি কোল—চেলসির এমন পারফরম্যান্সে অবদান সবারই আছে। তবে আনচেলত্তি আলাদা করে বললেন ফরাসি স্ট্রাইকার আনেলকার কথাই, ‘দিদিয়েরকে ছাড়া অনেক খেলেছি আমরা। অতীতে নিকোলাস তার অভাবটা ভালোই পূরণ করেছে। আজও (পরশু) তাই করেছে।’আনেলকা করেছেন জোড়া গোল। ল্যাম্পার্ডও তা-ই। চেলসির বাকি গোল তিনটি বালাক, অ্যাশলি কোল ও মালুদার। পরশু জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও। বার্নলিকে ৩-০ গোলে হারিয়েছে অ্যালেক্স ফার্গুসনের দল। গোল করেছেন ওয়েইন রুনি, দিমিতার বারবেতভ ও বিরাম দিউফ। তবে কোচের সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছেন এরই মধ্যে মৌসুমে ১৬ গোল করে ফেলা রুনি, ‘ওর সুসময় যাচ্ছে এখন। খুব দ্রুত খেলছে, প্রায় সারাক্ষণই প্রতিপক্ষের ডিফেন্ডারদের তটস্থ রাখছে। আর বাতাসেও খুব ভালো ও।’চেলসি ও ম্যানইউর দিনে আবারও হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লিভারপুলকে। স্টোক সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ‘অল রেড’রা। তবে ডাচ স্ট্রাইকার ডির্ক কিউটের কাছে এটাও যেন পরাজয়, ‘পরাজয়ের মতো লাগছে। আমরা আসলে আমাদের সেরা ফুটবলটা খেলতে পারছি না।’নিজেদের সেরা খেলাটা খেলতে পারছে না ইতালিয়ান পরাশক্তি ইন্টার মিলানও। বারির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। তবে সান্ত্বনা খুঁজতে পারে এই ভেবে যে, ৩ মিনিটের মধ্যে (৬০ ও ৬৩ মিনিট) দুটি পেনাল্টিতে ০-২ গোলে পিছিয়ে পরেও ড্র করতে পেরেছে তারা। বারির গোল দুটি করেছেন বারেত্তো। ইন্টারের পক্ষে প্যানদেভের (৬৯ ও ৭৪ মিনিট) গোল দুটির একটি আবার পেনাল্টি থেকে। এএফপি।