দ্রগবাদের ওপর প্রত্যাশার পাহাড়
এটি মাত্র দ্বিতীয় বিশ্বকাপ তাদের। ‘অংশগ্রহণই বড় কথা’—এ প্রেরণা নিয়েই বিশ্বকাপে খেলার কথা আইভরিকোস্টের। কিন্তু দিদিয়ের দ্রগবা জানাচ্ছেন, দ্বিতীয়বারের মতো খেলতে এসেই প্রত্যাশার চাপ টের পাচ্ছে ‘হাতির দল’। বিশ্বকাপটা যে হচ্ছে এবার আফ্রিকায়!ছয় আফ্রিকান প্রতিনিধির অন্যতম আইভরিকোস্ট পড়েছে এবারের সবচেয়ে শক্ত গ্রুপ ‘জি’তে। ব্রাজিল, পর্তুগাল আর উত্তর কোরিয়া তাদের গ্রুপসঙ্গী। দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলকে নিশ্চিত ধরে নিলে বাকি একটা জায়গার জন্য আইভরিকোস্টকে লড়াই করতে হবে পর্তুগাল আর উত্তর কোরিয়ার সঙ্গে।দলের সবচেয়ে বড় তারকা দ্রগবাই। এবারও চেলসির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। আইভরিকোস্টের এই দলে আছেন কোলো তোরে, সলোমন কালু, ইয়া তোরের মতো তারকা ফুটবলাররা। কিন্তু ক্লাবের হয়ে অর্জনের পাল্লাটা ভারী হলেও জাতীয় দলের হয়ে বড় কিছুই জেতেননি এঁরা। আফ্রিকান নেশনস কাপেও সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল ১৮ বছর আগে।‘আমাদের দলের বেশির ভাগ ফুটবলারই বড় বড় ক্লাবে খেলে। অনেক বড় বড় ট্রফিও ক্লাবের হয়ে তারা জিতেছে। কিন্তু জাতীয় দলের হয়ে আমরা কিছুই করতে পারিনি’—দ্রগবার স্বীকারোক্তি।আজ পর্তুগালের মাঠে নামার আগে দ্রগবা তাই প্রত্যাশাটা মেনেই নিলেন, ‘লোকে বলে, আমাদের প্রজন্মটাই নাকি আইভরিকোস্টের সোনালি প্রজন্ম। আমাদের নিয়ে তাই প্রত্যাশাও অনেক উঁচুতে। ইংল্যান্ড কিংবা ফ্রান্সের চেয়েও আমাদের প্রত্যাশার চাপ বেশি।’পরশু পর্যন্ত দ্রগবার ভাঙা হাত তাঁর কাঁধে ঝোলানো ছিল। ঝুলে ছিল তাঁকে প্রথম ম্যাচে খেলানোর আশাও। কোচ সভেন গোরান এরিকসনও নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তবে কোচ সম্পর্কে দ্রগবা নিশ্চিত করেই বলেছেন, ‘এরিকসন অনেক উঁচু মাপের কোচ। তাঁর অধীনে আমরা বড় দলগুলোকে হারাব বলেই আশাবাদী আমি।’ ওয়েবসাইট।