দ্রগবাদের দীর্ঘশ্বাস
‘এবার ট্রফি জিততে পারাটা হবে দারুণ। সত্যি বলতে আমরা প্রতিবারই হারতে হারতে ক্লান্ত’— টুর্নামেন্ট শুরুর আগে বলেছিলেন দিদিয়ের দ্রগবা। বেদনাতুর সেই অনুভূতিটা সারা জীবনেরই সঙ্গী হয়ে গেল সাবেক চেলসি তারকার। না, শুধু দ্রগবার একার নয়, আইভরি কোস্টের ‘সোনালি প্রজন্মের’ জন্যই আফ্রিকান নেশনস কাপটা এখন অস্তমিত সূর্য!এবারের নেশনস কাপটাকে আইভরি কোস্টের সোনালি প্রজন্মের প্রতিনিধিরা নিয়েছিলেন ‘শেষ সুযোগ’ হিসেবে। কিন্তু দ্রগবার দলের বিদায় হলো কোয়ার্টার ফাইনালেই। ইমানুয়েল এমেনিকে ও সানডে এমবার গোলে তাদের (২-১) হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে তারুণ্যদীপ্ত অনভিজ্ঞ নাইজেরিয়া। আইভরি কোস্টের গোলদাতা চেইক তিওতে। অতিরিক্ত সময়ে গড়ানো অন্য কোয়ার্টার ফাইনালে টোগোকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বুরকিনা ফাসো। দুবারের আফ্রিকার বর্ষসেরা ফুটবলার, চেলসির হয়ে জিতেছেন সম্ভাব্য প্রায় সব শিরোপাই। সেখানে নেশনস কাপটাই হয়ে রইল আজন্ম আক্ষেপ। পরশু ম্যাচের আগ পর্যন্তও স্বপ্নটা জীবিত ছিল। কিন্তু ম্যাচ শেষে হতাশ কণ্ঠে দ্রগবা নিজেই বলেছেন, ‘আমার নেশনস কাপ স্বপ্নটা শেষ।’ আগামী বিশ্বকাপে খেলা হোক বা না হোক, দ্রগবা তাকাচ্ছেন সেদিকেই, ‘আমি থাকি বা না থাকি আমাদের এখন সামনের বিশ্বকাপের দিকে তাকাবে হবে।’দ্রগবারা নেশনস কাপের দ্বিতীয় শিরোপা উপহার দেওয়ার সম্ভাবনা জাগিয়েছেন কয়েকবারই। ২০০৬ সালে ফাইনালে তারা মিসরের কাছে হারে টাইব্রেকারে, ২০০৮ সালে বিদায় তাদের সেমিফাইনালে। ২০১০ সালে কোয়ার্টার ফাইনালে হারের পর গত বছর ফাইনালে উঠে আইভরি কোস্ট টাইব্রেকারে হারে জাম্বিয়ার কাছে। এবারও স্বপ্নসমাধি হলো কোয়ার্টার ফাইনালে।ব্যর্থতার সব দায় নিয়েছেন কোচ সাবরি লামুচি, ‘সব দায় আমার। যেকোনো কারণেই হোক আমরা বেশি গোল করতে পারিনি এবং এটাই সবচেয়ে হতাশার।’আইভরি কোস্ট যখন ডুবেছে হতাশায়, তখন নাইজেরিয়া শিবিরে উল্লাস। উচ্ছ্বসিত নাইজেরিয়ান কোচ স্টিফেন কেসি, ‘যখন আমি নাইজেরিয়ার হয়ে খেলেছি, আমি লড়াই, লড়াই, লড়াই করেছি। তারা আজ সেটাই করেছে। সানডে একটা সুন্দর গোল করেছে।’ কেসি নাইজেরিয়াকে ১৯৯৪ নেশনস কাপ জিতিয়েছেন অধিনায়ক হিসেবে।আগামীকাল প্রথম সেমিফাইনালে নাইজেরিয়ার প্রতিপক্ষ মালি। অন্যটিতে চারবারের চ্যাম্পিয়ন ঘানার প্রতিপক্ষ বুরকিনা ফাসো। এএফপি, রয়টার্স।