দ্রগবাদের দেশের ওঁরা
‘এখানে কিসের হরতাল চলছে? এটা কি শেষ হয়েছে?’ রাজধানীর একটি আবাসিক হোটেলে শুয়ে ভারতীয় টিভি চ্যানেল ঘোরাতে ঘোরাতে প্রশ্নগুলো করছিলেন বাস্কেটবল খেলোয়াড় বি এস গৌতম। সিটিসেল প্রিমিয়ার বাস্কেটবল লিগে খেলতে পরশু ঢাকায় এসেছেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক। ইউরোপা ইয়ুথের হয়ে খেলছেন গৌতম। শুধু গৌতমই নন, ইউরোপা ইয়ুথ বিদেশি খেলোয়াড় সংগ্রহ অভিযান চালিয়েছে সুদূর আফ্রিকার আইভরিকোস্ট পর্যন্ত। দিদিয়ের দ্রগবা, সলোমন কালুদের দেশ থেকে উড়িয়ে এনেছেন আবদুল, কেভিনদের।আবদুলের পুরো নাম ওয়াত্তারা পেলেমা আবদুল। পড়াশোনা করছেন ভারতের বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের এমসিএতে (মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন)। কোনান কেভিন জোনাথানও একই বিশ্ববিদ্যালয়ে একই বিভাগের ছাত্র। দুজনই ভারতের বাস্কেটবল লিগের দল হিন্দুস্তান অ্যারোনেটিক লিমিটেডে খেলছেন দুই বছর ধরে। বাংলাদেশে অবশ্য আসার কথা ছিল না ওদের। গৌতমের কাছে দুজন ভালো মানের খেলোয়াড় চেয়েছিলেন ইউরোপা ইয়ুথের কোচ ওয়াসিফ আলী। যে দুজনের আসার কথা তাঁদের পরীক্ষা চলায় গৌতম প্রস্তাব করেন আবদুল ও কেভিনের ব্যাপারে। নিয়মিতই ভারতে বাস্কেটবল লিগ খেলা আবদুল এখানে এসেই কোর্টে নেমে পড়েছেন। তা কেমন দেখলেন বাংলাদেশের খেলোয়াড়দের? ‘সত্যি বলতে কি, এখানকার খেলোয়াড়দের উচ্চতা সবচেয়ে বড় সমস্যা। খেলোয়াড়দের স্কিলও ততটা ভালো না। এদের আরও অনেক বেশি পরিশ্রম করতে হবে। যা-ই হোক, আমরা খেলাটা উপভোগ করছি’—বললেন আবদুল। তবে উপভোগের বড় জ্বালানিটা নিশ্চয়ই অর্থ। ঢাকা লিগে খেলা আফ্রিকান ফুটবলার ইব্রাহিম, ফ্রাঙ্ক, মগাদের মতো না হলেও পারিশ্রমিকটা বেশ ভালোই।গৃহযুদ্ধে জর্জরিত আইভরিকোস্ট ফুটবলের দেশ হিসেবেই পরিচিত। তবে আবদুল দাবি করলেন, তাঁদের দেশে এখন শান্তি বিরাজ করছে, ‘যুদ্ধ-টুদ্ধ আর নেই। এখন অনেক শান্ত হয়ে গেছে আইভরিকোস্ট।’ এঁদের কেউই অবশ্য দেশের সবচেয়ে বড় ক্রীড়াতারকা দিদিয়ের দ্রগবাকে কাছ থেকে দেখেননি। তবে কেভিন একবার দেখতে যেতে চেয়েছিলেন দ্রগবার খেলা। ২০০৯ সালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ছিল মালাবির বিপক্ষে। সেই ম্যাচে দর্শকের চাপে স্টেডিয়াম ভেঙে পড়েছিল, পদপিষ্ট হয়ে মারা গিয়েছিল ১৯ জন। কিন্তু কাজের ব্যস্ততায় যাওয়া হয়নি। পরে মর্মান্তিক দুর্ঘটনার ছবি টিভিতে দেখে শিউরে উঠেছিলেন, ‘ভাগ্যিস যাইনি!’২৫ বছর বয়সী আবদুল পেশাদার বাস্কেটবল খেলোয়াড়। দুটি ম্যাচ খেলেছেন জাতীয় দলে। আবারও ফিরতে চান জাতীয় দলে, ‘পড়াশোনা শেষ করে দেশে ফিরে আবারও জাতীয় দলে খেলতে চাই।’ একই স্বপ্ন কেভিনেরও। কেভিন হতে চেয়েছিলেন ফুটবলার। বাবা কোভাদিও জোয়াকিমেরও ইচ্ছা ছিল তাই। কিন্তু স্কুল থেকেই শিক্ষকের পছন্দে বাস্কেটবল দলে যোগ দেওয়া কেভিন জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন। তাঁর বয়স যদিও আবদুলের চেয়ে দুই বছর বেশি। ঢাকায় এলেও বাঙালি খাবারের স্বাদ নেওয়া হয়নি। তবে সুস্বাদু ইলিশ মাছ চেখে দেখতে চান।