দ্রগবাদের শেষ সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে তারা ১৮ নম্বর দল। আফ্রিকান দলগুলোর মধ্যে শীর্ষে। ২০১২ আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বেও ছয়টি ম্যাচই জিতেছে। বাছাইপর্বে সর্বোচ্চ ১৮ পয়েন্ট তাদেরই। দলে আছেন বেশ কয়েকজন তারকা—দিদিয়ের দ্রগবা, ইয়া তোরে, কোলো তোরে, সলোমন কালু, গেরভিনহো। তার পরও আগামীকাল থেকে শুরু আফ্রিকান নেশনস কাপে আইভরি কোস্টের ওপর বাজি ধরতে অনেকেই দ্বিধায় ভুগবে। কেন? ওরা যে আফ্রিকার ‘চোকার’!বড় টুর্নামেন্টে চাপ নিতে না পারার কারণেই এই ‘চোকার’ অপবাদ জুটেছে তাদের কপালে; দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সৌজন্যে যে বিশেষণটি সর্বজনবিদিত। বড় টুর্নামেন্টে গেলে গড়বড় করে ফেলে বলেই আফ্রিকান শ্রেষ্ঠত্বের মুকুট আইভরি কোস্টের মাথায় উঠেছে মাত্র একবার, সেটাও ২০ বছর আগে!দলে তুলনামূলক এত তারকা খেলোয়াড় নিয়েও সর্বশেষ তিন আসরে মাত্র একবারই ফাইনাল। ২০০৬ সালে মিসরে অনুষ্ঠিত সেই আসরে স্বাগতিকদের কাছে হারতে হয়েছে টাইব্রেকারে। ২০০৮-এ সেমিফাইনাল, গতবার কোয়ার্টার ফাইনাল—প্রতি আসরেই এক ধাপ করে পেছাচ্ছে ‘হাতির দল’। অথচ গত দুই আসরে তারা ছিল ‘হট ফেবারিট’।দলের তারকাদের বয়স হচ্ছে। গোলরক্ষক ব্যারির বয়স ৩৩, দ্রগবার ৩২, মিডফিল্ডার দিদিয়ের জকোরার ৩১, কোলো তোরের ৩০, ইয়া তোরেও ত্রিশের দোরগোড়ায়। জকোরা তাই বলেই দিলেন, ‘আমার ধারণা, আমি, কোলো, দিদিয়েরের মতো খেলোয়াড়দের জন্য এটা শেষ সুযোগ। আমাদের মধ্যে অনেকেরই সময় এসেছে সলোমন আর গেরভিনহোদের মতো তরুণদের কাছে দায়িত্ব তুলে দেওয়ার।’এর আগে শেষ সুযোগ এটাই। ২২ জানুয়ারি সুদানের সঙ্গে ম্যাচ দিয়ে শুরু হবে আইভরি কোস্টের যাত্রা। ‘বি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বার্কিনা ফাসো ও অ্যাঙ্গোলা। চার গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে কোয়ার্টার ফাইনালে। এএফপি।