দ্রগবাদের শেষ সুযোগ
বয়স ৩৪। দিদিয়ের দ্রগবা ভালো করেই জানেন, আরেকটি আফ্রিকান নেশনস কাপ তাঁর খেলা হবে না। এবার না পারলে তাই ক্যারিয়ার শেষ হয়ে যাবে নেশনস কাপের শিরোপা জিততে না-পারার আক্ষেপ নিয়ে। ক্লাবের হয়ে সবকিছুই জিতেছেন। কিন্তু দেশের হয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জেতা হয়নি কখনোই। এবার তাঁর শেষ সুযোগ। অবশ্য আইভরি কোস্টের ‘সোনালি প্রজন্মে’র জন্যই দক্ষিণ আফ্রিকার টুর্নামেন্টটা শেষ সুযোগ।দ্রগবা, ম্যানচেস্টার সিটির দুই তোরে ভাই ও সলোমন কালুরা আইভরি কোস্টকে আফ্রিকার অন্যতম পরাশক্তি বানিয়েছেন। ফিফা র্যাঙ্কিংয়েও আফ্রিকার সেরা আইভরি কোস্ট। কিন্তু সোনালি প্রজন্মের এই প্রতিনিধিরা একবারও দেশবাসীকে নেশনস কাপ দিতে পারেননি। আইভরি কোস্টের একমাত্র সাফল্য ১৯৯২ সালে জেতা শিরোপাটাই। দ্রগবা-কালু-তোরেরা দুবার অবশ্য দেশকে স্বপ্নের খুব কাছাকাছি নিয়ে গিয়েছিলেন। কিন্তু ২০০৬ ও ২০১২-র টুর্নামেন্ট দুটি স্বপ্ন ভেঙেছে ফাইনালে। ওই দুবারই টাইব্রেকারে হারের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে দ্রগবা এবার শিরোপা উপহার দিতে চান দেশবাসীকে।বরাবরের মতো এবারও ‘আফ্রিকান হাতি’রা টুর্নামেন্টের ফেবারিট। দ্রগবাদের শুরুটাও হচ্ছে আজ অপেক্ষাকৃত সহজ ম্যাচ দিয়ে। প্রতিপক্ষ ফিফা র্যাঙ্কিংয়ে তাদের চেয়ে ৬৭ ধাপ পেছনে থাকা টোগো। মাঠে নামার আগে দ্রগবা বলেছেন, ‘ট্রফি জেতাটা হবে দারুণ। সত্যি বলতে, বারবার পরাজয়ে আমরা ক্লান্ত। নিঃসন্দেহে এটা আমার শেষ আফ্রিকান কাপ। আমি আমার গোটা হূদয় ও শক্তি এতে ঢেলে দিতে চাই। আমরা দুবার শিরোপা জয়ের খুব কাছাকাছি গিয়েছি। কিন্তু তার মানে এই নয়, আমরা থেমে যাব। শিরোপা জিতে ঘরে ফিরতে হলে আমাদের ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে।’‘মৃত্যুকূপ’ বলে পরিচিত গ্রুপ ‘ডি’র অন্য ম্যাচে মুখোমুখি আজ আলজেরিয়া ও তিউনিসিয়া। নেশনস কাপে এই প্রথম মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী।এদিকে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচটিও ড্র দেখেছে। ২-০ গোলে এগিয়ে গিয়েও আরেক ফেবারিট ঘানা ড্র করেছে (২-২) কঙ্গোর সঙ্গে। তবে চতুর্থ ম্যাচে এসে প্রথম জয় দেখেছে নেশনস কাপের ২৯তম আসার। সেইডু কেইটার একমাত্র গোলে মালি ১-০ গোলে হারিয়েছে নাইজারকে। বর্তমান চ্যাম্পিয়ন জাম্বিয়া ১-১ গোলে ড্র করেছে দশ জনের ইথিওপিয়ার সঙ্গে। এএফপি।