দ্রগবার চীনা মিশন
দারিও কনকা, লুকাস বরিস, ক্রিস্টোফার কাতোঙ্গোর মতো তারকারা আগেই পাড়ি জমিয়েছেন। গত জানুয়ারিতে এসেছেন নিকোলাস আনেলকাও। তবে দিদিয়ের দ্রগবার তারকাখ্যাতি তাঁদের চেয়ে অনেক বেশি, আইভরিয়ান তারকাকে বীরোচিত সংবর্ধনা দিয়ে সেটারই প্রমাণ দিল সাংহাইয়ের সমর্থকরা।চেলসির পাট চুকিয়ে দ্রগবা সাংহাই শেনহুয়ার সঙ্গে আড়াই বছরের চুক্তিটা করেছেন গত মাসে। গতকাল আনুষ্ঠানিকভাবে উঠে গেলেন নতুন ক্লাবে। নতুন ঠিকানায় যোগ দিতে সাংহাই পুডং বিমানবন্দরে পা দিতেই সাংহাই সমর্থকদের শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হয়েছেন আইভরি তারকা। বিমানবন্দরেই ভিড় করা সমর্থকদের কেউ ফুলের তোড়া দিয়ে বরণ করে দ্রগবাকে, কারও হাতে তাঁর ‘১১ নম্বর’ জার্সি, কেউ বহন করছিলেন ইংরেজিতে তাঁর নাম লেখা প্ল্যাকার্ড, মুখে স্লোগান, ‘দ্রগবা, দ্রগবা।’ দুইবারের আফ্রিকান বর্ষসেরা ফুটবলারকে প্রিয় ক্লাবে পেয়ে শেনহুয়ার সমর্থকদের বুক গর্বে ভরে উঠেছে। ‘আমাকে কিছু বলতে দিন। আমাদের এখন দ্রগবা আছে। সাংহাই এখন আর সাধারণ কোনো শহর নয়, বিশ্বের মেগা-সিটি’—বলেছেন লু শিয়াওবো নামের এক সমর্থক।ওই সমর্থকের আবেগময় এই প্রতিক্রিয়ায় স্পষ্ট, দ্রগবাকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা কতটুকু। দ্রগবা-আনেলকারা পারবেন সমর্থকদের প্রত্যাশার মর্যাদা রাখতে? উত্তর দেবে ভবিষ্যৎ। তবে শেনহুয়ায় প্রথম মৌসুমেই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি দ্রগবা। চীনের ১৬ দলের সুপার লিগে শেনহুয়ার অবস্থান নিচের দিক থেকে তিন ধাপ ওপরে! অবশ্য চুক্তির পরই দ্রগবা জানিয়েছেন, শুধু শেনহুয়া নয়, চীনের ফুটবলকেই একটা অবস্থানে নিয়ে যাওয়া তাঁর লক্ষ্য, ‘নতুন চ্যালেঞ্জ ও নতুন সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে সামনের দিকেই তাকিয়ে আছি আমি। চীনা সুপার লিগের নতুন পরিকল্পনায় আমি রোমাঞ্চিত। আশা করি, চীনের ফুটবলকে বিশ্বদরবারে নিয়ে যেতে সাহায্য করতে পারব। এ ছাড়া চীনের সঙ্গে আফ্রিকার সম্পর্কের উন্নয়নও আমার লক্ষ্য।’৩৪ বছর বয়সী স্ট্রাইকার চুক্তির পরই হয়ে গেছেন চীনের ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। গণমাধ্যমের খবর, শেনহুয়ায় তাঁর সাপ্তাহিক বেতন দুই লাখ পাউন্ড। দ্রগবা-আনেলকারা কোচও পাচ্ছেন নামী একজনকেই। গত মে মাসেই শেনহুয়ার দায়িত্ব নিয়েছেন আর্জেন্টিনার সাবেক কোচ সার্জিও বাতিস্তা। এএফপি।