দ্রগবার চোখ দ্বিতীয় রাউন্ডে

ভাগ্য এর চেয়ে খারাপ হতে পারত না! ২০০৬ বিশ্বকাপে আর্জেন্টিনা-হল্যান্ডের সঙ্গে পড়তে হয়েছিল এক গ্রুপে। সেবার প্রথম রাউন্ডেই বিদায় আইভরি কোস্টের৷ পরেরবার দক্ষিণ আফ্রিকায় ভাগ্যদেবী ফের মুখ ফিরিয়ে নিল৷ গ্রুপ পর্বে এবারের প্রতিপক্ষ ব্রাজিল-পর্তুগালের মতো দল৷ অনুমিতভাবেই ‘এলিফ্যান্টসরা’ পেরোতে পারেনি গ্রুপ পর্বের বাধা।
অবশেষে ভাগ্য কিছুটা মুখ তুলে তাকিয়েছে দিদিয়ের দ্রগবাদের দিকে। ব্রাজিলে গ্রুপ-সঙ্গী কলম্বিয়া, জাপান ও গ্রিস৷ নকআউট পর্বে আইভরি কোস্টের যেতে না পারা হবে একরকম ব্যর্থতাই৷ আফ্রিকার দেশটির স্বপ্নসারিথ দিদিয়ের দ্রগবা তাই বুক বাঁধছেন আশায়, ‘গত দুটি বিশ্বকাপ আমাদের জন্য খুবই কঠিন ছিল। আগেরবারের চেয়ে ব্রাজিলে ভালো করার বাস্তবসম্মত সুযোগ আছে আমাদের সামনে। আমাদের প্রথম রাউন্ড পেরোতে হবে৷’
অভিজ্ঞতায় আইভরি কোস্টের ব্রাজিলগামী দলটা আরও শক্তিশালী। ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার ইয়াইয়া তোরে আছেন ক্যারিয়ারের সেরা ফর্মে। সোয়ানসির হয়ে প্রথম মৌসুমেই আলো ছড়িয়েছেন উইলফ্রায়েড বনি। গেরভিনহোও দারুণ একটা মৌসুম কাটিয়েছেন রোমায়৷ সাবেক লিভারপুল মিডফিল্ডার ও ফুটবল বিশেষজ্ঞ জন বার্নসের বিশ্বাস, ‘আমার মনে হয় আফ্রিকার দেশগুলোর মধ্যে আইভরি কোস্টই সবচেয়ে বেশিদূর যাবে।’
তবে আশার পিঠে নিরাশাও উঁকি মারছে। দ্রগবা নিজের সেরা ফর্ম পেছনে ফেলে এসেছেন। দলের অনেক খেলোয়াড়ই একই পথের যাত্রী৷ কোলো তোরে, দিদিয়ের জোকোরারা এখন শুনতে পাচ্ছেন বেলা শেষের গান। আইভরি কোস্টের সাবেক কোচ ফিলিপ ট্রসিয়ের তাই আশাবাদী হতে পারছেন না, ‘আইভরিয়ানদের ক্ষুধাটা অনেক কমে গেছে। শারীরিকভাবেও এটি অনেক বেশি বুড়িয়ে যাওয়া দল।’ তবে আইভরি কোস্টের তরুণ কোচ সাব্রি লামুশি অতটা িনরাশাবাদী নন, ‘কোনো কিছু অসম্ভব নয়।’
কোচের এ বিশ্বাসকে সত্য প্রমাণ করতে পারবেন দ্রগবারা? এএফপি।