দ্রগবার হাসি দেখবে আফ্রিকা!
দিদিয়ের দ্রগবারা ফিফার কাছে অনুযোগ জানাতেই পারেন। ২০০৬ সালে বিশ্বকাপ অভিযান শুরু করা আইভরিকোস্টের পিছু ছাড়ছে না ‘গ্রুপ অব ডেথ’। গত বিশ্বকাপে তাদের গ্রুপ-সঙ্গী ছিল আর্জেন্টিনা আর নেদারল্যান্ড। দারুণ ফুটবল খেলেও বাদ পড়তে হয়েছিল আফ্রিকান দলটিকে। আর এবার দ্রগবাদের সঙ্গী ব্রাজিল ও পর্তুগাল! এবারও কি ‘ভালো ফুটবলে’ই শেষ হয়ে যাবে বিশ্বকাপ?আইভরিকোস্টকে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে নিয়ে যেতে হলে দিদিয়ের দ্রগবার জ্বলে ওঠার বিকল্প নেই। আফ্রিকান দলটির প্রাণভোমরা দ্রগবাকেই কিছু একটা করে দেখাতে হবে। আর সেজন্য দরকার দ্রগবার দারুণ পারফরম্যান্স।লিগের শেষ ম্যাচে হ্যাটট্রিক করে চেলসিকে লিগ শিরোপা জিতিয়েছেন, এফএ কাপের ফাইনালে জয়সূচক গোল করে দলকে জিতিয়েছেন ইতিহাসের প্রথম ‘ডাবল’, লিগে ২৯ গোল করে রুনিকে টপকে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা—এর চেয়ে ভালো প্রস্তুতি আর কী হতে পারত!না, দ্রগবা এর চেয়ে বেশি আশা করেননি না। সম্প্রতি শেষ হওয়া এই মৌসুমটাকেই নিজের ক্যারিয়ার-সেরা বলে স্বীকৃতি দিয়ে দিলেন, ‘আমি নিজে যেহেতু এর আগে কখনো ডাবল জিতিনি, তাই অবশ্যই এটা আমার ক্যারিয়ারের সেরা মৌসুম। গত সপ্তাহে (লিগ) চ্যাম্পিয়ন হলাম। আর ওয়েম্বলিতে এফএ কাপ জিতলাম। এটা স্বপ্নের মতোই একটা ব্যাপার।’নিজের ভালো একটা মৌসুম গেছে, দ্রগবার কাছে এটি গুরুত্বপূর্ণই। তবে তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে চেলসির ইতিহাসে প্রথম ডাবল জেতা দলের সদস্য হতে পারা, ‘এটা আমার জন্য এবং দলের জন্য সমান গুরুত্বপূর্ণ। আমি ডাবল জিততে পেরেই খুশি। কারণ ইংল্যান্ডে এটাকে খুব বড় করে দেখা হয়। আর চেলসির ইতিহাসে এই কাজ করা (ডাবল জেতা) প্রথম দলের সদস্য হওয়াটা তো অবিশ্বাস্য।’অবিশ্বাস্য দ্রগবার ফর্মটাও। এই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ গোল করেছেন আইভরিয়ান স্ট্রাইকার। এবার সময় এসেছে নিজেকে অন্য মঞ্চে মেলে ধরার। এবার সময় এসেছে দুর্দান্ত ফর্মটাকে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত টেনে নিয়ে যাওয়া।দ্রগবাও এই ভেবে খুশি যে মুখে হাসি নিয়েই নিজেদের মহাদেশের বিশ্বকাপে যেতে পারছেন, ‘আত্মবিশ্বাসী হয়ে বিশ্বকাপে যাওয়ার বোধহয় এটাই সেরা সময়। সবাই জানে, মাথা নিচু করে কাজ করার চেয়ে মুখে বড় একটা হাসি নিয়ে শুরু করতে পারাটা অনেক ভালো।’ এএফপি।