দ্রগবার হ্যাটট্রিকে চেলসির বড় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তেজনা ছড়িয়ে গতকাল শুরু হয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রথম দিনেই চ্যাম্পিয়ন চেলসির দেখা মিলল আসল রূপে। দিদিয়ের দ্রগবার হ্যাটট্রিকে ওয়েস্টব্রমকে ৬-০ গোলে হারিয়েছে তারা। চেলসির বাকি তিন গোলের দুটি ফ্লরেন্ত মালুদার, একটি ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের।কাল মাঠে নেমেছে নতুন মৌসুম শুরুর আগে দলবদলের বাজার তাতিয়ে দেওয়া ম্যানচেস্টার সিটি। তবে দলবদলের মতো মাঠ মাতাতে পারেনি তারা। লিগের সূচনা ম্যাচে টটেনহাম হটস্পারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যান সিটি।ম্যানচেস্টার ইউনাইটেড-চেলসি কিংবা লিভারপুল-আর্সেনাল—এমন একটি লড়াই দেখতে চাতক চোখে চেয়ে থাকে ফুটবল-পিপাসুরা। এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ প্রথম সপ্তাহেই পেয়ে যাচ্ছে এমন একটি ম্যাচ। আজ অ্যানফিল্ডে মুখোমুখি হচ্ছে লিভারপুল-আর্সেনাল।ইংলিশ প্রিমিয়ার লিগে ‘বিগ ফোর’-এর দুটি মুখোমুখি। উত্তেজনার রেণু ভাসছে বাতাসে। কিন্তু লিভারপুলের কোচ রয় হজসনের একটা কথা মানলে আপনি বলবেন উত্তেজনা আর নেই। ম্যানইউ, চেলসি কিংবা আর্সেনালের সঙ্গে টক্কর দেওয়ার অবস্থায় লিভারপুল আর নেই উল্লেখ করে হজসন বলেছেন, ‘সাতটি ট্রেনিং সেশনের পর আমি যা পেলাম তা হলো ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল আর চেলসির চেয়ে আমরা অনেক অনেক পিছিয়ে।’নতুন কোচ, কিছুটা নতুন সাজেও সেজেছে লিভারপুল। কিন্তু সমর্থকদের জন্য কোনো আশার বাণী শোনাতে পারেননি হজসন, ‘আমি দলকে যেভাবে খেলাতে চাই তাতে আমরা এখনই আমাদের সেরা খেলাটা খেলতে পারব বললে হাস্যকরই হবে।’ তবে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারের কথা শুনে আশায় বসতি গড়তে পারে ‘গানার’ সমর্থকেরা। ‘কয়েক মৌসুম ধরে আমরা উন্নতি করছি। গত মৌসুমে শিরোপার অনেক কাছাকাছি চলে গিয়েছিলাম। এবার আরও ভালো করতে পারব বলেই বিশ্বাস’—বলেছেন ওয়েঙ্গার। আর্সেনালের তরুণ দলটি প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে ভালো করেছে। তাদের আত্মবিশ্বাসের সঙ্গে আছে অধিনায়ক সেস ফ্যাব্রিগাসের আর্সেনালেই থেকে যাওয়ার তৃপ্তি। এএফপি।