দ্রগবায় পার আইভরিকোস্ট
প্রথম দিন ইকুয়েটরিয়াল গিনি দেখেছিল দুটি অঘটন। পরশু আরও বড় অঘটনের মঞ্চ প্রায় সাজিয়েই বসেছিল সহস্বাগতিক গ্যাবন। তবে আফ্রিকান কাপ অব নেশনসে সেনেগালের ভাগ্য বরণ করতে হয়নি দিদিয়ের দ্রগবার আইভরিকোস্টকে। চেলসি তারকার দেওয়া একমাত্র গোলে পার পেয়ে গেছে শিরোপার অন্যতম দাবিদার আইভরিকোস্ট। তবে ফিফা র্যাঙ্কিংয়ে ১০২ ধাপ নিচের দল সুদান ঘাম ঝরিয়ে ছেড়েছে তাদের। এর আগে ‘বি’ গ্রুপেরই আরেকটি ম্যাচে অ্যাঙ্গোলা ২-১ গোলে হারিয়েছে বুরকিনা ফাসোকে। এএফপি। গ্যাবনের রাজধানী লিব্রেভিলেতে ‘আফ্রিকার হাতি’ আইভরিকোস্টের সঙ্গে মরণপণ লড়াই করেছে ‘নীল নদের কুমির’ সুদান। কুমিরদের মুখের গ্রাস কেড়ে নিয়েছেন দ্রগবাই। প্রথমার্ধের ৩৯ মিনিটে সলোমন কালুর দারুণ এক ক্রস থেকে হেডে বল জালে জড়ান আইভরিকোস্ট অধিনায়ক। পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারায় ম্যাচ শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দ্রগবা, ‘সব মিলিয়ে শুরুটা ভালোই হলো। আমাদের খেলায় কিছু ইতিবাচক দিক যেমন ছিল, তেমনি কিছু খারাপ দিকও ছিল। তবে সবচেয়ে ভালো দিকটা হলো জয় দিয়ে শুরু করা।’মাত্র একবার আফ্রিকাসেরা হওয়া আইভরিকোস্ট গত তিন আসরেই ফেবারিট হয়েও নীল হয়েছে আশাভঙ্গের বেদনায়। গায়ে উঠে গেছে ‘চোকার’ তকমা। কিন্তু এবার এই অপবাদ ঘোচাতে মরিয়া কোচ ফ্রাঁসোয়া জাহু, ‘আমরা সব সময়ই আইভরিকোস্টের জ্বলে ওঠার অপেক্ষায় থাকি; কিন্তু এবার আমাদের লক্ষ্য কাপ জয়।’অ্যাঙ্গোলা ও বুরকিনা ফাসোর ম্যাচটির প্রথমার্ধ কোনো গোলের দেখা পায়নি। বিরতির পর ৪৮ মিনিটে ম্যাতিয়াসের গোলে এগিয়ে যায় অ্যাঙ্গোলা। ৫৭ মিনিটে বুরকিনা ফাসো সমতা আনে অ্যারান ত্রাওরের গোলে। ১১ মিনিট পর অ্যাঙ্গোলার জয়সূচক গোলটি করেন ২০০৬ বিশ্বকাপ খেলা সাবেক ম্যানইউ ফুটবলার মানুচো। ২০০৮-০৯ মৌসুমে মানুচো একটি ম্যাচ খেলেছিলেন ম্যানইউর হয়ে।