দ্রাবিড় কেবল একজনই হয়: শচীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটে ১৫ বছর ধরে জ্বলজ্বল করা একটা নক্ষত্রের পতন ঘটতে চলেছে। আজ শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর কথা ‘দ্য ওয়াল’খ্যাত রাহুল দ্রাবিড়ের।প্রায় দেড় দশক ধরে দ্রাবিড়ের সঙ্গে খেলেছেন শচীন টেন্ডুলকার। দুজনের মধ্যে জড়িয়ে আছে কত স্মৃতি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক দ্রাবিড়ের বিদায় বেলায় তাঁর প্রতি শ্রদ্ধা প্রকাশ না করে পারেননি লিটল মাস্টার। ক্রিকেটে বহুকালের সঙ্গী দ্রাবিড় সম্পর্কে শচীনের মূল্যায়ন, ‘দ্রাবিড়ের বিকল্প হয় না। দ্রাবিড় কেবল একজনই হয়। ড্রেসিং রুমে ওকে খুব মিস করব আমি।’পিটিআইকে গতকাল বৃহস্পতিবার শচীন বলেন, ‘জীবনের সেরা মুহূর্তগুলো দ্রাবিড়ের সঙ্গে কাটিয়েছি আমি। মিডল অর্ডারে কয়েক ঘণ্টা সময় কাটিয়ে শত রানের জুটি গড়ার অনেক স্মৃতি আছে আমাদের। ১৬৪টি টেস্ট খেলা ও ১৩ হাজারের ওপরে রান সংগ্রহ করা ক্রিকেটারকে শ্রদ্ধা জানাতে কোনো কিছুই যথেষ্ট নয়।’ভারতের সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান অরুণ লাল মনে করেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটাই নিতে চলেছেন দ্রাবিড়। ‘অবসর নেওয়ার ব্যাপারটা কোনো ক্রিকেটার বা খেলোয়াড়ের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি মনে করি, ক্রিকেটে খুব কম জিনিসই আছে, যা দ্রাবিড় অর্জন করেনি। তাই এটাই অবসর নেওয়ার সঠিক সময়’—অরুণ লালের মন্তব্য।অরুণ লাল বলেন, ‘দ্রাবিড় শুধু একজন বড় ক্রিকেটারই নয়, ক্রিকেটের একজন দূত, ভদ্র ও অনুসরণীয় ব্যক্তিত্ব।’