দ্রাবিড় বদলাননি, বলছেন গাঙ্গুলী

সাধারণত যেসব কাজ অন্য কেউ করে থাকেন, সেসবও নাকি করেছেন দ্রাবিড় নিজেইছবি: বিসিসিআই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্বটা ঠিকই বদলেছে, তবে ব্যক্তি রাহুল দ্রাবিড় বদলাননি। অন্তত তাঁর একসময়ের সতীর্থ আর এখনকার বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর তেমনই মনে হচ্ছে। আগে ড্রেসিংরুমে যেমন গোছানো ছিলেন, কোচ হয়েও সেটা বদলায়নি—দ্রাবিড় নিজের কাজ নিজেই করতে ভালোবাসেন এখনো!

নিউজিল্যান্ডের বিপক্ষে কানপুর টেস্টে মাঠকর্মীদের আর্থিক পুরস্কার দিয়ে আলোচনায় এসেছিলেন ভারতের নতুন প্রধান কোচ। স্পিন-সহায়ক উইকেট না বানিয়ে স্পোর্টিং বানানোয় খুশি হয়েছিলেন তিনি। এবার কোচ দ্রাবিড়ের আরেকটা দিক জানালেন গাঙ্গুলী।

সাধারণত যেসব কাজ অন্য কেউ করে থাকেন, সেসবও নাকি করেছেন দ্রাবিড় নিজেই। নিউজ ১৮–কে দেওয়া এক সাক্ষাৎকার গাঙ্গুলী খুলে বলেছেন ঘটনাটি, ‘শুনলাম কানপুরে দিনের অনুশীলন শেষে সে নাকি অনুশীলনসামগ্রী, উইকেট, বল কুড়িয়ে নিজেই ড্রেসিংরুমে নিয়ে গেছে। নিশ্চয়ই ক্যামেরাম্যান আর ফটোগ্রাফারদের জন্য রাহুল দ্রাবিড়কে এসব করতে দেখাটা দারুণ এক দৃশ্য ছিল!’

শচীন টেন্ডুলকারের সঙ্গে রাহুল দ্রাবিড় ও সৌরভ গাঙ্গুলী
ফাইল ছবি

খেলোয়াড়ি জীবনেও অবশ্য দ্রাবিড় ছিলেন গোছানোই। এমনিতে কোনো সফরে যাওয়ার আগে মোটামুটি সবকিছু তাঁর স্ত্রীই গুছিয়ে দিতেন। তবে কিটব্যাগটা দ্রাবিড় গোছাতেন নিজেই। ড্রেসিংরুমে তাঁর ব্যাট, প্যাড এমভাবে গোছানো থাকত, সেটি দেখেই সতীর্থরা নাকি বুঝে যেতেন সেসবের মালিক কে। দ্রাবিড়ের এসব কাজ দেখে গাঙ্গুলীর হয়তো মনে পড়েছে সেটাই, ‘তবে সে তো এমনই মানুষ। আমরা তাকে ও রোহিতকে (শর্মা) সমর্থন করে যাব। বিরাটকেও (কোহলি) টেস্টে সমর্থন করব। তারা যেভাবে চায়, সেভাবেই।’

অবশ্য প্রধান কোচ হিসেবে রবি শাস্ত্রীর কাছ থেকে দ্রাবিড় দায়িত্ব নেওয়ার পর অধিনায়কত্ব নিয়ে একরকম টালমাটাল অবস্থাই চলছে ভারতীয় ক্রিকেটে। ওয়ানডেতে কোহলিকে সরিয়ে রোহিতকে দায়িত্ব দেওয়া নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। তবে দ্রাবিড়দের হাতে দায়িত্ব দিয়ে মোটামুটি নির্ভারই আছেন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট, ‘ভবিষ্যৎ তো বলা কঠিন, তবে ভারত অনেক ভালো দল। আমাদের খুবই ভালো একজন কোচ আছেন, নতুন অধিনায়কও দলের দায়িত্ব নেওয়ার যোগ্য। ফলে, আমরা তাদের শুভকামনা জানাই।’

ভারতের কোচ রাহুল দ্রাবিড়
ছবি: টুইটার

সবাই মিলে ভারত ক্রিকেটকে এগিয়ে নেওয়ার প্রত্যাশার কথাও আরেকবার বলেছেন গাঙ্গুলী, ‘ক্রিকেট দলীয় একটা খেলা। অধিনায়ক ও কোচের সঙ্গে খেলোয়াড়েরা মিলেই দলকে সফল করে। তারা পাঁচ বছর ধরে সাফল্য পেয়ে আসছে, এখন না পাওয়ারও কোনো কারণ দেখি না। আমরা তাদের শুভকামনা জানাই। আশা করি, সবাই মিলে সামনের বছরগুলোয় নতুন উচ্চতায় যেতে পারব।’