দ্রাবিড়-লক্ষ্মণহীন ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ নতুন যুগে প্রবেশ করছে ভারতীয় ক্রিকেট, যেটি দ্রাবিড় ও লক্ষ্মণ-উত্তর যুগ। ব্যাটিংয়ের এই দুই মহাতারকাকে ছাড়াই আজ হায়দরাবাদে টেস্ট খেলতে নামছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথমটি আজ শুরু হচ্ছে ডেকান স্টেডিয়ামে। গত মার্চে ক্রিকেট ছেড়েছেন রাহুল দ্রাবিড়, গত শনিবার ছেড়ে দিলেন ভিভিএস লক্ষ্মণও। সৌরভ গাঙ্গুলী তো ছেড়েছেন আরও আগেই। ভারতের সোনালি প্রজন্মের ব্যাটিংস্তম্ভদের মধ্যে টিকে রইলেন শুধু শচীন টেন্ডুলকার। সামনে ব্যস্ত সূচি। দেশের মাটিতে খেলা আছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই বড় সিরিজের আগে দ্রাবিড়-লক্ষ্মণের বিকল্প খুঁজে পাওয়াই এই সিরিজে ভারতের কাছে সবচেয়ে প্রার্থিত বিষয়। ২৯৮ টেস্টে ভারতকে ২২০৬৯ রান উপহার দিয়েছেন এই দুই গ্রেট। দ্রাবিড়-লক্ষ্মণের ছেড়ে যাওয়া ফাঁকা দুটি স্থানের জন্য প্রতিদ্বন্দ্বী চারজন—চেতেশ্বর পূজারা, সুরেশ রায়না, সুব্রামানিয়াম বদ্রিনাথ ও আজিঙ্কা রাহানে। সম্ভাবনা বেশি পূজারা ও এখনো কোনো টেস্ট না খেলা রাহানেরই। শুধু ব্যাটিংই না ফিল্ডিংয়েও ভারত অভাব বোধ করবে এই দুই জোড়া বিশ্বস্ত হাতের। ফিল্ডার হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার বিশ্ব রেকর্ডটি দ্রাবিড়ের (২১০টি)। লক্ষ্মণও নিয়েছেন ১৩৫টি ক্যাচ। অভাবটা কত বড় সেটা স্পষ্ট এই দুজনের দীর্ঘদিনের সঙ্গী শচীন টেন্ডুলকারের এই কথায়, ‘রাহুল ও লক্ষ্মণের বদলি পাওয়াটা সহজ হবে না। এটা শুধু ব্যাটসম্যান হিসেবেই না স্লিপ ক্যাচার হিসেবেও। ওই জায়গাটায় তারা ছিল অসাধারণ। তাদের শূন্যতা পূরণে আমাদের এমন খেলোয়াড় দরকার যারা কি না, তাদের মতোই লম্বা সময় খেলতে পারবে।’নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা আবারও জয়ের রাস্তায় হাঁটার জন্য ভারতের বড় এক সুযোগ। গত এক বছরে টেস্ট ক্রিকেট দলটিকে কম হেনস্তা হতে হয়নি। এক নম্বর স্থানটি তো গেছেই, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের বাইরে টানা আটটি টেস্ট হারতে হয়েছে। কিন্তু দেশের মাটিতে ভারত আগের মতো হয়তো বাঘ হিসেবেই টিকে আছে। দেশে তো আর ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো সিমিং কন্ডিশনে খেলতে হয় না। ভারতের মন্থর উইকেটে স্পিনাররাই ছড়ি ঘোরান।ভারতের জন্য সুখবরটাও এখানে। নিউজিল্যান্ডকে খেলতে হবে তাদের সেরা স্পিনার ড্যানিয়েল ভেট্টোরিকে ছাড়াই। চোটের কারণে ভারতে আসা হয়নি এই বাঁহাতি স্পিনারের। টানা দ্বিতীয় সিরিজ হার থেকে বাঁচাটা তাই কঠিন হয়ে গেল নিউজিল্যান্ডর। কয়েক দিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্টেই হেরেছে রস টেলরের দল। তা ছাড়া ভারতের মাটিতে কখনোই টেস্ট সিরিজ জেতেনি নিউজিল্যান্ড। তবে আইপিএলের কল্যাণে এবার ভারতের পরিবেশ-পরিস্থিতি অতটা অচেনা মনে হচ্ছে না কিউই অধিনায়কের, ‘আমাদের ব্যাটসম্যানদের জন্য ভারত একটা পরিচিত জায়গা। আমরা এখানে ভালো খেলেছি ও এখন সিরিজটার অপেক্ষায় আছি। ভারতের সঙ্গে তাদের মাটিতে খেলাটা বেশ বড় এক চ্যালেঞ্জ। সব ধরনের চ্যালেঞ্জ সামলানোর জন্যই আমাদের পরিকল্পনা থাকতে হবে।’হায়দরাবাদে প্রথম টেস্টের পর ৩১ আগস্ট থেকে বেঙ্গালুরুতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এএফপি।