দ্রাবিড়কে কোচ চান গাভাস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাভাস্কারের সঙ্গে দ্রাবিড় । ফাইল ছবি
গাভাস্কারের সঙ্গে দ্রাবিড় । ফাইল ছবি

ভারতীয় ক্রিকেটে ডানকান ফ্লেচার অধ্যায় শেষ হতে যাচ্ছে?
সময়ই দেবে উত্তর। তবে ভারতের সাবেক ক্রিকেটাররা ফ্লেচারের সমালোচনায় মুখর এখন। ভারতের কোচের চেয়ারে ফ্লেচারের বহাল থাকাটা তাই খুব কঠিনই হয়ে পড়েছে।
সুনীল গাভাস্কার থেকে শুরু করে মনিন্দর সিং। বিষেণ সিং বেদি, এরাপল্লি প্রসন্ন, সাবেক কোচ মদন লাল—প্রত্যেকেরই দাবি, ফ্লেচারকে ছাঁটাই করতে হবে। গাভাস্কারসহ কেউ কেউ তো ফ্লেচারের সম্ভাব্য উত্তরসূরির নামও বলে দিয়েছেন—রাহুল দ্রাবিড়। মৃদুস্বরে হলেও উঠে এসেছে সৌরভ গাঙ্গুলীর নামও।
দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডে চরম ব্যর্থতার পর এশিয়া কাপেও ভারত অনুজ্জ্বল। এশিয়া কাপের পরই নিজের লেখা কলামে গাভাস্কার ধুয়ে দেন ফ্লেচারকে। পরশু ভারতের এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তো ক্রুদ্ধ গাভাস্কার স্পষ্টই বলে দিয়েছেন, ফ্লেচারকে অবশ্যই চলে যেতে হবে। ফ্লেচারকে সরিয়ে কোচ করতে বলছেন দ্রাবিড়কে। এটাও বলেছেন, দেশের হোক বা বিদেশি, কোচ করতে হবে তরুণ কাউকে।
ফ্লেচারের কোচিং কৌশল, এমনকি যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন গাভাস্কার। কখনোই টেস্ট না খেলা ফ্লেচার জিম্বাবুয়ের হয়ে ওয়ানডে খেলেছেন মাত্র ৬টি। গাভাস্কারের কথা, ইংল্যান্ডের কোচের পদ থেকে ‘বাতিল’ একজন কীভাবে বছরের পর বছর ভারতের কোচ থাকেন? পরিসংখ্যানও ফ্লেচারের বিপক্ষে। ২০১১ সালে দায়িত্ব নেওয়ার পর ফ্লেচারের অধীনে ৩০ টেস্টের ১২টি জিতেছে ভারত, হারও ১২টি। ওয়ানডের ছবিটাও প্রায় একই। ৮০ ওয়ানডের ৪৫টিতে জয়, হার ২৯। ফ্লেচারের অধীনে বিদেশের মাটিতে টেস্টে মাত্র একটি অ্যাওয়ে সিরিজ জিতেছে ভারত (২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে)। এরপর ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় গিয়ে হয়েছে হোয়াইটওয়াশ! সম্প্রতি দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড সফরের দুঃস্মৃতি তো টাটকাই।
ফ্লেচারের উদ্দীপনাহীন কোচিং দলে নেতিবাচক প্রভাব ফেলছে দাবি করে গাভাস্কার প্রশ্ন তুলছেন, ‘বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, হরভজন সিং, যুবরাজ সিংয়ের মতো খেলোয়াড়েরা বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়লে সাপোর্ট স্টাফরা নয় কেন?’ ভারতের কোচ হিসেবে ফ্লেচারের অবদান খুব অল্প বলেই দাবি গাভাস্কারের, ‘ফ্লেচার কী করেছে? টেস্ট বা ওয়ানডে ক্রিকেটে তার করার কিছুই নেই। আমি মনে করি, এটাই বড় পার্থক্য গড়ে দিয়েছে। কোচ হিসেবে আমি তাকে ১০-এর মধ্যে বড়জোর ১.৫ দেব। কেন ফর্মহীন একজন কোচ হিসেবে বহাল থাকবে?’ ৬৫ বছর বয়সী ফ্লেচারের উত্তরসূরি হিসেবে আদর্শ কে—এমন প্রশ্নে গাভাস্কারের উত্তর, ‘আমার মাথায় প্রথম যে নামটি আসছে, সে রাহুল দ্রাবিড়। দলে তার প্রচুর সম্মান।’
২০১৫ বিশ্বকাপের কথা বিবেচনা করে বিসিসিআইয়ের এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত মনে করেন মনিন্দর সিং, ‘দ্রাবিড় সব সময়ই ক্রিকেটের উৎসুক পাঠক। তার পারফরম্যান্স এবং শান্ত মনোভাব মিলিয়ে কোচ হিসেবে নিশ্চিতভাবেই সে ভালো পছন্দ।’ বিষেণ সিং বেদির কথা, েফ্লচার কী করে কেউ জানে না। আমি মনে করি, আমাদের উচিত দ্রাবিড় বা সৌরভের মতো সত্যিকারের প্রতিভাবানদের দিয়ে চেষ্টা করা।’
এরাপল্লি প্রসন্নও যোগ দিয়েছেন ফ্লেচার হটাও ‘আন্দোলনে’। তাঁর কথা, ‘আপনি যদি পেশাদার হন এবং কাজের জন্য বেতন নেন, অবশ্যই আপনাকে পারফরম্যান্স দিয়ে প্রমাণ করতে হবে। গ্যারি কারস্টেনের পর থেকে ভারতীয় দলে সে রকম কিছু হচ্ছে না।’ মদন লাল বলেছেন, ‘...এমনকি বিদেশের মাটিতে আমার রেকর্ডও ফ্লেচারের চেয়ে ভালো।’ ওয়েবসাইট।