দ্রাবিড়কে নিয়ে লিখলেন স্ত্রী বিজেতা
৯ মার্চ ২০১২। এ দিন ১৬ বছরের বন্ধন ছিন্ন করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড়। বেঙ্গালুরুতে বিদায়ী সংবাদ সম্মেলনে দ্রাবিড় এসেছিলেন স্ত্রী বিজেতা এবং দুই সন্তান সামিত ও অনভয়কে নিয়ে। এর তিন দিন পর ক্রিকেট ও ক্রিকেটের বাইরে দ্রাবিড়ের জীবন নিয়ে ‘ক্রিকইনফো’তে একটি দীর্ঘ কলাম লিখেছেন স্ত্রী বিজেতা।বিজেতার কলামের অংশবিশেষ:রাহুলের সঙ্গে আমার বিয়ে প্রায় নয় বছর হলো। আমরা সব সময়ই লোকচক্ষুর আড়ালে থাকার চেষ্টা করেছি। আমি নিশ্চিত, ওকে নিয়ে আমার এই দীর্ঘ কলামটি দেখে রাহুল অবাক হবে।অবসর নেওয়া রাহুলের প্রশংসা করার উদ্দেশ্য আমার নয়। এটা গোটা বিশ্বের ওপর রইল। আমি ওর স্ত্রী, ভক্ত নই। তাঁর ও আমার জীবনে ক্রিকেট কী পরিমাণ প্রভাব বিস্তার করেছে, এ সম্পর্কে ধারণা দিতেই কলামটি লিখেছি আমি।‘বিয়ের পরপরই দ্রাবিড় আমাকে জানিয়েছিল, আর তিন-চার বছর ক্রিকেট খেলে যেতে চায় ও। একই সঙ্গে এ সময়টাতে সে আমার সহায়তা চায়। এখন দ্রাবিড় অবসরে গেছে। আমাকে বলা সেই ‘তিন-চার বছরে’র চেয়েও অনেক বেশি সময় সে ক্রিকেটকে দিল। আমি মনে করি, সময়টা খারাপ হয়নি। ২০০৩ সালের মে মাসে যা ভেবেছিলাম, তার চেয়েও অনেক ভালো কেটেছে সময়টা।’ সর্বশেষ এক বছর আমাদের জন্য বিশেষ সময় ছিল। এ সময় দ্রাবিড় রান বা সেঞ্চুরি পেয়েছে বলে নয়, বিশেষ এই কারণে যে এই সময় আমাদের বড় ছেলে সামিত ক্রিকেটের খুব ভক্ত হয়ে উঠেছে। গত বছর রাহুল ইংল্যান্ডের বিপক্ষে যে সেঞ্চুরি করেছিল, সেটা ছিল তাঁর ক্যারিয়ারে সবচেয়ে বেশি দর্শকের সামনে করা সেঞ্চুরি।ওল্ড ট্র্যাফোর্ডে দ্রাবিড় প্রথম (শেষ) টি-টোয়েন্টি খেলার সময় সন্তানদের নিয়ে আমিও তাঁর সঙ্গে ছিলাম। ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচেই একসঙ্গে ভ্রমণ করেছি। শেষ ওয়ানডের পর লর্ডসের ড্রেসিং রুমে গিয়েছিলাম আমরা। সেখানে অনার্স বোর্ডে দ্রাবিড়ের নাম দেখিয়েছিলাম সামিত ও অনভয়কে। এত এত লোকের সামনে বাবা খেলে দেখে মুগ্ধ হয়েছিল ওরা।রাহুলের বিশ্বের কেন্দ্রে ক্রিকেট। বিয়ের পর থেকে দেখে এসেছি, প্রতিটি মৌসুম, সিরিজের পর ওর মনোভাব একই। ২০০৩-০৪ এ প্রথম যখন রাহুলের সঙ্গে প্রথম বিদেশ সফরে গেলাম, অস্ট্রেলিয়ায় সেবার লক্ষ্য করলাম, ম্যাচের আগে কীভাবে প্রস্তুতি নেয় ও। রাহুল রুটিনের উপর খুব গুরুত্ব দিত, দিন-রাত ছায়ার সঙ্গে অনুশীলন করতো। আমি অবাক হতাম। ভাবতাম, ও ঘুমঘোরে হাঁটছে!এখন আমি বুঝতে পারি, ক্রিকেটে রাহুলের আকস্মিক বা অসচেতনতার কিছু ছিল না। ওর বিদেশ সফরে যাওয়ার আগে সব ব্যাগ আমি গুছিয়ে দিতাম, শুধু ক্রিকেট সরঞ্জামের ব্যাগ ছাড়া। সেটা কখনো আমি স্পর্শ করিনি, রাহুল নিজেই গোছাতো। আমি জানতাম, দুই সেট সাধারণ পোশাক দিলেই ও পুরো সফর কাটিয়ে দেবে। গত ২০ বছর রাহুল একই ক্রিম ব্যবহার করেছে, কারণ ওর ত্বক খুব শুষ্ক। ব্র্যান্ডের পোশাক, দামি গাড়ি এসব নিয়ে কখনোই ও ভাবেনি। তবে ব্যাটের ওজন এক গ্রাম কমে গেলেই ও তা ধরে ফেলতো।অন্য ক্রিকেটারদের মতো রাহুল নিজেও কুসংস্কারাচ্ছন্ন। সিরিজের মধ্যে ও নতুন ব্যাট চাইতো না। ডান পায়ের প্যাড আগে পড়ত। ক্রিকেট ও ব্যক্তিগত জীবনকে রাহুল সব সময় আলাদা করে দেখেছে। ক্রিকেট মাঠে কী ঘটেছে এসব নিয়ে ও ঘরে এসে মাথা ঘামাতো না। ঘরে এলেই ও স্বামী, বাবা এবং পরিবারের একজন সদস্য। ‘রাহুল কখনো বলেনি, ‘একটা বাজে দিন কাটল।’ প্রশ্ন না করলেও নিজের কাজ নিয়ে কথা বলতো না রাহুল।আমার মনে আছে, রাহুল শুধু একবার টেস্ট থেকে ফিরে বলেছিল, ‘আজ আমি খুবই রাগান্বিত। মেজাজ নিয়ন্ত্রণ করতে পারিনি। আমি জানি, কাজটা করা ঠিক হয়নি।’ এর বেশি কিছু ও বলেনি। কয়েক মাস পর বীরুর (বীরেন্দর শেবাগ) কাছ থেকে শুনি, মুম্বাইয়ে ইংল্যান্ডের কাছে হেরে ও চেয়ার ছুড়ে মেরেছিল। দলের কারও ওপর রাগ করে নয়, ভারত বাজেভাবে হেরেছিল বলে।রাহুলের অন্যতম গুণ ছিল ওর মানসিক শক্তি, বাস্তবতাকে মেনে নেওয়ার মানসিক সক্ষমতা। ও বিশ্বাস করে, অভিযোগ করে কিছু হয় না। কারণ অভিযোগের শেষ বলে কিছু নেই। উন্নতি করাই একমাত্র পথ।ক্রিকেটের বাইরে দ্রাবিড় ঝামেলাহীন একজন মানুষ। যা দেওয়া হয়, তা-ই ও খায়। এমনকি কয়েক দিন ধরে একই ধরনের খাবার দিলেও রাহুল কখনো অভিযোগ করে না।ক্রিকেটের ব্যস্ততা নেই। কীভাবে এখন সময় কাটবে? ‘আমি জানি, রুটিন মতোই সময় কাটবে ওর। অবসর ওকে পরিবারে ফিরিয়ে এনেছে। ওকে ফিরে পেয়ে আমরা সত্যি আনন্দিত।’